আন্নার হাত ধরে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন মমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ গান্ধীবাদী দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী আন্না হাজারের হাত ধরে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তপন সিকদার গত শনিবার পশ্চিম মেদিনীপুরের একটি নির্বাচনী সমাবেশে এমন দাবি করেন।
তপন সিকদার বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথম তিন বছর তৃণমূল কংগ্রেসের সাতজন মন্ত্রী ক্ষমতা ভোগ করেছিলেন। ওই সময় টুজি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস, হেলিকপ্টার ক্রয়সহ বিভিন্ন খাতে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। অথচ কোনো দিন তৃণমূলের সদস্যরা পার্লামেন্টের ভেতর বা বাইরে দুর্নীতির বিরুদ্ধে সরব হননি। তিন বছর ঘর করার পর মমতা নিজের গা বাঁচাতে ইউপিএ সরকার থেকে সরে আসেন।
বিজেপির এই নেতা আরও বলেন, তৃণমূলই প্রথম মাওবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিরোধিতা করেছে। অথচ ক্ষমতায় আসার পর মাওবাদী দমনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিচ্ছে।