আফগান অভিযানে সাধারণ মানুষের মৃত্যু একটি বড় ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানবিরোধী অভিযানে ন্যাটো বাহিনীর রকেটের আঘাতে সাধারণ আফগান নাগরিকদের মৃত্যুর ঘটনা এ অভিযানের জন্য একটি বড় ধাক্কা। এমন মন্তব্য করেছেন খোদ ব্রিটেনের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জক স্টিরাপ। গত রোববার ও সোমবার অভিযান চলার সময় ন্যাটো বাহিনীর ছোড়া রকেটে ১২ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয় বলে স্বীকার করেছে ন্যাটো বাহিনী। গতকাল মঙ্গলবার অভিযানের আওতাধীন প্রায় সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করেছে আফগানিস্তানের সামরিক বাহিনী।গত সোমবার জক স্টিরাপ বলেন, ‘এটি খুব বড় একটি ধাক্কা। এমন নয় যে এ ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে আফগান নাগরিক ও স্থানীয় সরকারকে এ জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’ তিনি জানান, আগামী এক বছরের মধ্যে এ অভিযানের সাফল্য নির্ণয় করা কষ্টকর হবে।ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, অভিযানে ক্ষয়ক্ষতির হার কম রাখার ব্যাপারে আশ্বস্ত করতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। ব্রাউন বলেন, ‘আমাদের কয়েক হাজার সেনাসদস্য ওই এলাকায় তালেবানদের সঙ্গে লড়ছেন। তাঁরা বিস্ফোরকের হুমকির মুখে রয়েছেন।’এর আগে ন্যাটো কর্মকর্তারা গত রোববার জানিয়েছিলেন, তাঁদের বাহিনীর ছোড়া একটি রকেটের আঘাতে ১২ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। অবশ্য পরে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই ১২ জনের মধ্যে তিনজন তালেবান যোদ্ধা ছিলেন। গতকাল ন্যাটো জানিয়েছে, রোববার ও সোমবারের অভিযানে আরও তিনজন সাধারণ আফগান নিহত হয়েছে। এ নিয়ে ১২ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করে তারা। আফগানিস্তানের সেনাবাহিনীর প্রধান বিসমিল্লাহ খান অভিযোগ করেন, তালেবান যোদ্ধারা সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছেন।আফগান অভিযানের চতুর্থ দিনে গতকাল ঊর্ধ্বতন আফগান কমান্ডার জেনারেল আমিনুল্লাহ পাতিয়ানি দাবি করেছেন, মার্কিন নেতৃত্বাধীন বাহিনী অভিযানের আওতাধীন মারজাহ ও নাদ আলীর প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তালেবান জঙ্গিরা অভিযানের আওতাধীন এলাকা ছেড়ে গেছে। কিন্তু ন্যাটো বাহিনী জানিয়েছে, সেনারা ধীরে ধীরে এগোচ্ছে। কারণ তালেবান যোদ্ধারা স্নাইপার রাইফেল ও পেতে রাখা বোমা ব্যবহার করে ন্যাটো ও আফগান সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন।গত শনিবার তালেবান জঙ্গি ও মাদক পাচারকারী নিয়ন্ত্রিত আফগানিস্তানে মধ্যাঞ্চলীয় হেলমান্দ উপত্যকার মারজাহ শহরে এ ‘অপারেশন মুশতারাক’ নামের অভিযান শুরু হয়। এ অভিযান প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন আফগান নীতির প্রথম পরীক্ষা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও আফগানিস্তানের ১৫ হাজার সেনার সমন্বয়ে শুরু করা এ অভিযান ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর সে দেশে বৃহত্তম অভিযান। এএফপি।