আফগান-ইরাক যুদ্ধে লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র: জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম দুটি যুদ্ধ (আফগানিস্তান ও ইরাক যুদ্ধ) শেষ হয়েছে। কিন্তু এ দুটি রণক্ষেত্রে ১০টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক জরিপের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউএসএ টুডে। খবরে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর দুটি যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্রের অর্জনের ব্যাপারে মানুষের মনে আস্থা কমেছে বলে গবেষণায় জানা গেছে। ওই জরিপের মাধ্যমে জনগণের যে তিক্ত অভিজ্ঞতার কথা জানা গেছে, তাতে নতুন করে সামরিক হামলার ব্যাপারে ভাবতে বেগ পেতে হবে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে। ওই জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ মনে করছেন ইরাক যুদ্ধে জড়িয়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে ৩৭ শতাংশ যুদ্ধের পক্ষে মত দিয়েছেন। ২০১১ সালের নভেম্বরে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরুর সময় জরিপে দেখা গিয়েছিল, ৫৬ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রকে সফল মনে করেন। সে সময় ৩৩ শতাংশ লোক যুক্তরাষ্ট্রকে ব্যর্থ মনে করেছিলেন। সর্বশেষ জরিপে দেখা গেছে, প্রায় ৫২ শতাংশ নাগরিক আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মনে করছেন। বিপরীতে ৩৮ ভাগ মনে করছেন দেশটি সফল। ২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর বেশির ভাগই মনে করেছিলেন যুক্তরাষ্ট্র আফগানিস্তান যুদ্ধে সফল হয়েছে।

জরিপের ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টোফার গেলপি বলেন, ‘বিশেষভাবে আগ্রহোদ্দীপক বিষয় হলো, ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে মত বদলাচ্ছে জনগণ। যদিও কয়েক বছর ধরে আমাদের রাজনীতিকদের কাছে যুদ্ধগুলো দৃশ্যত আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়নি।’