আফগান কর্মকর্তাদেও মাসোহারা দিচ্ছে সিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রশাসনের অনেক কর্মকর্তাকে নিয়মিত মাসোহারা দিয়ে আসছে। গতকাল শুক্রবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে। একই পত্রিকায় গত বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির জেনারেলদের ভিসা প্রত্যাখ্যান করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে পোস্ট জানায়, এই মাসোহারা দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছে। আফগান সরকারের ভেতরের খবর পেতেই সিআইএ এই কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে পোস্ট জানায়, কারজাইয়ের কয়েকজন সহযোগী ছিলেন গোয়েন্দা সংস্থার তথ্য প্রদানকারী এবং আরও কয়েকজন মাসোহারা গ্রহণ করতেন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সত্ত্বেও সিআইএ মাসোহারা দেওয়া অব্যাহত রেখেছে। সিআইএ কর্মকর্তা পল গিমিগ্লিয়ানো অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন সংস্থার এক সাবেক কর্মকর্তা। তিনি বলেন, আফগান কর্মকর্তাদের মাসোহারা দেওয়ার বিষয়টি জরুরি ছিল।’আফগানিস্তান থেকে দুর্নীতি নির্মূলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছরের গোড়ার দিকে কারজাইকে চাপ দেন।এদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা র্যাঙ্গিন দাদফার স্পান্তা বলেছেন, ‘পাকিস্তানি জেনারেল ও অন্য যাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার কাজে জড়িত বলে আমরা জানি, যুক্তরাষ্ট্রের উচিত তাঁদের ভিসা প্রত্যাখ্যান করা।’ তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এভাবে চললে আমাদের বিজয় আসবে না। আমরা বাস্তবতা ভুলে গিয়ে প্রধান লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছি।’স্পান্তা আরও বলেন, পাকিস্তানে অবস্থানরত তালেবান নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা চালানো প্রয়োজন। ডন।