আফগান তালেবান মোকাবিলায় উপজাতীয়দের উত্থান ঘটছে!
আফগানিস্তানের তালেবান জঙ্গি মোকাবিলায় সে দেশের উপজাতীয় গোষ্ঠীগুলোর উত্থান ঘটছে। গত বুধবার পূর্বাঞ্চলীয় শহরে তালেবানবিরোধী বিক্ষোভ এরই প্রমাণ দেয় বলে সরকারি কর্মকর্তারা দাবি করেছেন। তবে বিশ্লেষকেরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, তালেবান মোকাবিলায় স্থানীয় উপজাতীয় গোষ্ঠীগুলোর এই প্রচেষ্টা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। একে তালেবানবিরোধী উত্থান বলা ঠিক হবে না। বুধবার লাঘমান প্রদেশের আলিশিং এলাকার প্রধান বাজার এলাকায় উপজাতীয় নেতা ও তাঁদের অনুসারীরা তালেবানবিরোধী বিক্ষোভ করেন। এ সময় অনেকের হাতে একে-৪৭ রাইফেল দেখা যায়। অনেকে বহন করেন রকেটচালিত গ্রেনেড। নিজের অবস্থান সম্পর্কে বিক্ষোভে অংশ নেওয়া গোলাম রসুল নামের বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি এএফপিকে বলেন, ‘তালেবানের কর্মকাণ্ডে আমরা একদম হতাশ। আমাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে তারা। আমাদের গুরুজনদের হত্যা করছে। তালেবানের এ ধরনের আচরণ আর বরদাশত করা হবে না।’লাঘমান প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র সারহাদি জওয়াক বলেন, তালেবান মোকাবিলায় বেশ কয়েকটি অঞ্চলে উপজাতীয় নেতারা প্রতিরোধ গড়ে তুলেছেন। সর্বশেষ বিক্ষোভ হয়েছে আলিশিংয়ে।নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, মে মাসের মাঝামাঝি থেকেই গজনি প্রদেশের বেশ কয়েকটি গ্রামে উপজাতীয় মিলিশিয়ারা প্রতিরোধ গড়ে তোলেন। নিজেদের গ্রামগুলোতে তালেবানের প্রবেশ ঠেকাতে উপজাতীয় সদস্যরা সশস্ত্র পাহারা দিচ্ছেন। এর আগে তালেবানের বন্ধ করে দেওয়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সেগুলোর দিকে নজর রাখছেন এসব মিলিশিয়া। তালেবানের একটি সূত্র এএফপিকে জানায়, সম্প্রতি হেলমান্দ, কুন্দুজ, কান্দাহার, জাবুল ও গজনির নিয়ন্ত্রণ হারাচ্ছে তাদের যোদ্ধারা। গত বুধবার আলিশিং এলাকায় তালেবানবিরোধী বিক্ষোভের সময় নূর জামান নামের আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, ‘তালেবান আমাদের গুরুজনদের অপমান করছে। তাঁদের হত্যা করছে। আমরা এর অবসান চাই। তাই তালেবান রুখে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’নূর জামান আরও বলেন, ‘এখানে সমবেত হয়ে আমরা এই বার্তা পাঠাতে চাই যে আমাদের গ্রামে তালেবান জঙ্গিদের আর স্বাগত জানানো হবে না।’তালেবানরা ১৯৯৬ থেকে আফগানিস্তানের ক্ষমতায় ছিল। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী অভিযান চালিয়ে তাদের ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে হারানো ক্ষমতা ফিরে পেতে লড়াই চালিয়ে আসছে তালেবান। কাবুল বিশ্ববিদ্যালয়ের আফগানিস্তান সেন্টারের পরিচালক আবদুল ওয়াহিদ ওয়াফা বলেছেন, গণ-অভ্যুত্থান বলার মতো কিছু চোখে পড়ছে না। এটি তালেবানের বিরুদ্ধে উপজাতীয়দের রুখে দাঁড়ানো, নাকি সরকার কিংবা গোয়েন্দা বাহিনীর কৌশলের অংশ, এখনো স্পষ্ট নয়। এএফপি।