আফগান-তালেবান সংঘর্ষে পালিয়েছে ৩৫ হাজার মানুষ
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সরকারি বাহিনী ও তালেবানদের সংঘর্ষে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। আফগান বাহিনী তালেবানদের হামলা থেকে প্রদেশের কৌশলগত রাজধানী লস্কর গাহকে রক্ষার চেষ্টা চালাচ্ছে। সেখানে সহিংস সংঘর্ষের তৃতীয় দিন পার হয়েছে। এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
গত মাসে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে এটিই তালেবানদের বড় হামলা। আফগান বাহিনী পাল্টা হামলা চালাচ্ছে। মার্কিন বিমান বাহিনী তাদের সহায়তা করছে।
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল স্কট মিলার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের জন্য তালেবানদের নিন্দা জানিয়েছেন।
গত সোমবার তালেবানরা একটি বিদ্যুৎ সাবস্টেশনে হামলা চালানোর পরে হেলমান্দ এবং পার্শ্ববর্তী কান্দাহারের বিরাট অংশ বিদ্যুৎবিহীন রয়েছে। বেশ কয়েকটি টেলিযোগাযোগ নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। পাঁচ হাজার পরিবার ঘরহারা হয়েছে।
কেউ কেউ শরণার্থীশিবিরে, আবার কেউ পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিয়েছে।
একটি পরিবার বিবিসিকে জানিয়েছে, লড়াই শুরুর পর তারা এক কাপড়েই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তারা নিরাপদ জায়গায় যেতে পারবে কি না, তা নিশ্চিত নয়।
অন্য আরেকটি পরিবার বলছে, না খেয়ে মরতে হবে বলে তারা ভয় পাচ্ছে।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে আহত বেশ কয়েকজন ভর্তি হয়েছে।
তালেবান ও আফগান সরকারের আলোচকেরা দোহায় আবার বৈঠক করছেন।
আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনার একটি কাঠামো সম্পর্কে মতপার্থক্য কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাঁরা। গত ১২ সেপ্টেম্বর ঐতিহাসিক এ আলোচনা শুরু হয়। আফগান বাহিনী প্রথমবারের মতো তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় সম্মত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে একটি সমঝোতায় পৌঁছাতে উৎসাহিত করছে। তারা বলছে, পুরো বিশ্ব চাইছে তারা যেন সফল হয়।