নির্যাতনের শিকার আফগান নারীরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।জাতিসংঘ বলেছে, ২০০৯ সালের নারী নির্যাতন দমন আইনের বাস্তবায়ন সামান্য অগ্রগতি পেলেও এটির সম্পূর্ণ বাস্তবায়ন এখনো নিম্ন পর্যায়েই রয়ে গেছে। সামাজিক চাপ ও পুলিশের অধারাবাহিক ভূমিকার কারণেই আইনটির বাস্তবায়ন হচ্ছে না।গত মাসে কুন্দুজ প্রদেশে একটি মেয়েকে শিরশ্ছেদ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ আছে, মেয়েটির বাবা তার জন্য আনা একটি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়। তবে এ হত্যাকাণ্ডের বিস্তারিত এখনো অজানা; বাস্তবে কী ঘটেছিল, তা নিয়ে চলছে নানা জল্পনা।আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন বলেছে, আফগানিস্তানে নারী নির্যাতনের খবর খুব বেশি সামনে আসে না। সংস্কৃতিগত সীমাবদ্ধতা, সামাজিক রীতি, ধর্মীয় বিধিনিষেধ ও হুমকি-ধমকির কারণে নির্যাতনের খবরগুলো জানা যায় না। গণমাধ্যমের কল্যাণে এক-দুটি খবর সামনে চলে এলেও তা হচ্ছে একটি হিমশৈলের উপরিভাগের মতো। তা ছাড়া আইনের মাধ্যমে নির্যাতনের ঘটনাগুলো মীমাংসার হার এখনো অনেক কম।প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে নারী নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। অপরাধীদের ধরতে বিশেষ করে কোনো অপরাধী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পাকড়াও করতে তেমন আগ্রহ দেখায় না। বিবিসি।