আফগান নির্বাচনে ঝুঁকি ও সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে আগামী ১৪ জুন। প্রথম দফা নির্বাচনে এগিয়ে থাকা আবদুল্লাহ আবদুল্লাহ ও আশরাফ গনির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁরা মনে করেন, নির্বাচনে কারচুপিই কেবল তাঁদের হারাতে পারে।

গত ৫ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রথম দফা নির্বাচন। সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ ৪৪ দশমিক ৯ শতাংশ ও বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ গনি পান ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পান। দেশটির নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে।

প্রচারে নেমেই কাবুলে এক বিশাল জনসভায় আশরাফ গনি বলেন, ‘শোনা যাচ্ছে, জনগণ ভোট দিতে যাবে না। এটাকে ভুল প্রমাণিত করতে হবে। দ্বিতীয় দফায় আমরা অবশ্যই জয়ী হব।’
আবদুল্লাহ একটি হোটেলে সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি ভালো নির্বাচন চাই। এমন একটি নির্বাচন চাই, যেখানে লোকজনের মনে হবে তাঁদের স্বচ্ছ ভোটের মধ্য দিয়ে এ ফল এসেছে।’

আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটেছে সেই ২০০১ সালে। এরপর আফগান সরকারের পাশাপাশি দেশটির নিরাপত্তার দায়িত্বে ছিল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। তবে চলতি বছরের মধ্যেই এই বাহিনী আফগান সরকারের হাতে দায়িত্ব পুরোপুরি হস্তান্তর করে নিজেদের ঘাঁটিতে ফিরে যাবে। এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। এই সুযোগে জঙ্গি সংগঠন তালেবান নির্বাচনকে ঘিরে ক্রমাগত হামলার হুমকি দিয়ে যাচ্ছে। তবে দেশটির নির্বাচন কমিশন সব হুমকি উপেক্ষা করে সফলতার সঙ্গে সম্পন্ন করেছে প্রথম দফার ভোট। ঘটেনি বড় ধরনের কোনো অঘটন। তবে প্রথম দফা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নির্বাচন কমিশন সম্প্রতি তাদের তিন হাজার কর্মীকে ছাঁটাই করেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওমর দাউদজাই বলেন, ‘দ্বিতীয় দফায় আমাদের নিরাপত্তা নিয়ে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। জঙ্গিরা শীতে তাদের নিরাপদ আশ্রয়ে ফিরে গিয়েছিল, এ মৌসুমে লোকজনকে হয়রানি করতে ফিরে আসবে।’

উভয় প্রার্থীই মনে করেন ব্যাপক জালিয়াতির ঘটনা প্রথম দফা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ফলে ১৪ জুনের নির্বাচনে পরাজিত প্রার্থীর পক্ষে নতুন ফল প্রত্যাখ্যান করার আশঙ্কা রয়েছে।
আশরাফ গনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকির মুখে জালিয়াতি করে দেওয়া অনেক ভোট চূড়ান্ত ফলাফলে গণনা করা হয়েছে।

আবদুল্লাহ বলেন, ‘পুরো ব্যবস্থাটিই প্রশ্নবিদ্ধ...যেহেতু এখানে দ্বিতীয় দফায় ভোটের ও নির্বাচন প্রক্রিয়ার সংশোধনের সুযোগ রয়েছে...আমরা এর জন্য দায়ী হতে পারি না।’

দ্য ইনডিপেনডেন্ট ইলেকশন কমিশন সচিবালয়ের প্রধান জিয়াউল হক ওমরখেল বলেন, জড়িত ব্যক্তিদের বরখাস্তের মধ্য দিয়ে নির্বাচনে জালিয়াতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তবে নির্বাচনী কাঠামো পরিবর্তন করা অসম্ভব। একটি আইন পরিবর্তন করতে ছয় মাস লেগে যায়। এত স্বল্প সময়ের মধ্যে এটি সম্ভব নয়।

প্রথম দফা নির্বাচনে এগিয়ে থাকা আবদুল্লাহ ও গনির নির্বাচনী প্রচার নিয়ে অনেক পর্যবেক্ষকই আতঙ্কিত। তাঁরা মনে করছেন প্রচার চালাতে গিয়ে এই দুই প্রার্থীর মধ্যে বিরোধ তৈরি হতে পারে; যা নির্বাচনের ফলকে বানচাল করতে পারে।

চলতি সপ্তাহে জাতিসংঘ মিশনের উপপ্রধান নিকোলাস হেইসম বলেন, দ্বিতীয় দফার নির্বাচনে যদি স্পষ্ট ফলাফল না আসে এবং দুই প্রার্থীর একজনও ফল মেনে না নেন, তখন সবচেয়ে খারাপ অবস্থার সৃষ্টি হবে। তাই এর সমাধান হচ্ছে যতটা সম্ভব নির্বাচনকে স্বচ্ছ করা।

অনেক আফগান নাগরিক ভোটের দিন তালেবান জঙ্গিদের হামলার আশঙ্কা করছেন। এখন চলছে তালেবানের ‘হামলার মৌসুম’। এটি হবে জঙ্গিদের জন্য আড়াল থেকে বের হয়ে সংবাদের শিরোনাম হওয়ার সুযোগ।

হেইসম বলেন, একজন নেতা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার ভোট প্রদানের মধ্য দিয়ে আফগানবাসী আরও অনেক বেশি গণতান্ত্রিক চর্চার সুযোগ পাচ্ছেন। তিনি জানান, জাতিসংঘ দুই প্রার্থীকেই প্রচার-প্রচারণায় সংযত থাকার অনুরোধ করেছে, যাতে জাতিগত উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি না হয়।

দেশটিতে ২০০১ সালের পর থেকে জাতিগত বিভক্তি অনেকটা কমে এলেও ভোটের ক্ষেত্রে উপজাতি গোষ্ঠীগুলো অন্যতম ভূমিকা পালন করছে। আবদুল্লার প্রতি রয়েছে সংখ্যালঘু নৃতাত্ত্বিক তাজিক জনগোষ্ঠী এবং উত্তরাঞ্চলের দারি ভাষাভাষী মানুষ। অন্যদিকে গনি হচ্ছেন একজন পশতুন। সবচেয়ে বড় নৃতাত্ত্বিক এই জাতিগোষ্ঠীটির প্রাধান্য রয়েছে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক থিজস বারম্যান প্রথম দফা নির্বাচনে উল্লেখযোগ্য কারচুপি হয়েছে উল্লেখ করে বলেন, দ্বিতীয় দফা নির্বাচনেও যদি কারচুপি হয়, তাহলে এটি আফগানিস্তানের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। যেকোনো ধরনের জালিয়াতি আফগানিস্তানের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। এখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন খুবই জরুরি।

একই সঙ্গে প্রথম দফা নির্বাচনের পর দেরিতে ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেন বারম্যান। তিনি বলেন, দ্বিতীয় দফা নির্বাচনের জন্য আরও স্বচ্ছতা প্রয়োজন।

সম্প্রতি দ্বিতীয় দফা নির্বাচনের তারিখ ঘোষণার পর গনি তাঁর টুইটারে জানিয়েছেন, তাঁর সঙ্গে যোগ দিচ্ছে নতুন দল। অন্যদিকে আবদুল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর কাছে কী কী প্রাধান্য পাবে, সে সম্পর্কে বলেছেন।

আফগানিস্তানের নির্বাচন পর্যবেক্ষক দল দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন (এফইএফএ) নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে। পর্যবেক্ষক দলটি মনে করেছে, তাঁরা (নির্বাচন কর্মকর্তারা) অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি চাপের মুখে পড়তে পারেন। ‘প্রার্থীদের সমর্থক, স্থানীয় অংশীদার—এমনকি নির্বাচনী কর্মকর্তারাও প্রথম দফায় জালিয়াতিতে জড়িত ছিলেন।’

এফইএফএর মুখপাত্র ফাহিম নেইমি এএফপিকে বলেন, ‘ফাঁকফোকরগুলো কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’এএফপি ও রয়টার্স