আফগান নির্বাচনে শিখ নারী
যুদ্ধবিধ্বস্ত ও জঙ্গি হামলায় বিপর্যস্ত আফগানিস্তান গণতন্ত্রের পথে এগিয়ে চলছে। সেখানে ঐতিহ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আধুনিকতা। বোরকার সঙ্গে পাল্লা দিয়ে চলছে আধুনিক পশ্চিমা পোশাকের ব্যবহার। আর গণতন্ত্রের বিকাশে এবার অমুসলিম নারীরাও সেখানকার রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। তালেবান শাসন অবসানের পর গত শনিবার দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় আফগানবাসী। মুসলিমপ্রধান দেশটিতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিখ সম্প্রদায়ের একজন নারী ও একজন পুরুষ। আফগানিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ওলেসি জিরগা’য় ২৫ শতাংশ আসন অর্থাৎ ২৪৯ আসনের ৬৮টি নারীদের জন্য সংরক্ষিত। এবারের নির্বাচনে আড়াই হাজারের বেশি প্রার্থীর মধ্যে নারী রয়েছেন ৪০৬ জন। তাঁদেরই একজন আফগান শিখ আনারকলি হোনারিয়ার। তিনি একজন দন্ত চিকিৎসক। নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন আফগান পার্লামেন্টে প্রথম অমুসলিম নারী। অন্যদিকে আফগানিস্তানের শিখ পরিবারের প্রতিনিধিত্ব করতে আরেকজন শিখ প্রীতপাল সিং পালও এই নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি একজন ইউনানি চিকিৎসক। ২২ বছর আগে নজিবুল্লাহর শাসনামলে আফগানিস্তানের সেনাবাহিনীর সদস্য ছিলেন প্রীতপাল।আনারকলি বলেন, ‘হিন্দু বা শিখ নয়, আফগানিস্তানে আমাদের পরিচয় আমরা আফগান। এ দেশে পশতুন ও আহাজারাস তাজিকরাও বসবাস করছে। নির্বাচিত হলে আমি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য কাজ করব না, বরং আফগানিস্তানের জন্য কাজ করব।’প্রীতপাল বলেন, ‘আফগানদের হাতে এখন কাজ নেই। রাস্তায়, চকে তারা বেকার বসে থাকে। তালেবানের চেয়েও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা তাদের আছে।’১৯৯০-এর দশকে আফগানিস্তানে ৫০ হাজার শিখ পরিবারের বসবাস ছিল। তালেবানের শাসন অবসানের পর স্থানীয় গুরুদুয়ারা ও মসজিদ কমিটির হিসাব থেকে জানা গেছে, কাবুলে মাত্র এক হাজার ২০০ শিখ ও ১০০ হিন্দু পরিবার বসবাস করে। অনুপ্রেরণার জন্য সেখানকার হিন্দু ও শিখ সম্প্রদায়ের নাগরিকেরা দেওয়ান নিরঞ্জন দাসের কথা স্মরণ করতে পারেন। তিনি ১৯১৯ সালে আফগানিস্তানের স্বাধীনতার সনদে স্বাক্ষর করেছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন। এনডিটিভি অনলাইন।