আফগান পরিস্থিতি নিয়ে ওবামা-কারজাই বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া এবং দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার নিয়ে আজ শুক্রবার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।ওয়াশিংটনে অনুষ্ঠেয় ওবামা ও কারজাইয়ের মধ্যে এ বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শান্তিপ্রক্রিয়ার বিষয়টি। এ ছাড়া যুদ্ধের নানা বিষয়, ভবিষ্যতে আফগানিস্তানে কী পরিমাণ মার্কিন সেনা থাকবে ও প্রত্যাহার করা হবে, তা নির্ধারণ এবং আফগান সেনাবাহিনীসহ নানাবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়ায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার আর জঙ্গিদের মধ্যে আলোচনার পথ সৃষ্টি করা এবং ঐকমত্যের ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।গত ডিসেম্বর মাসে ফ্রান্সে তালেবানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন আফগান হাই পিস কাউন্সিলের সদস্যরা। তবে এতে কারজাই সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এদিকে আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশ পাকিস্তানও তার রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। আফগানিস্তানের তালেবান জঙ্গিদের মদদ দেওয়া ও প্রতিবেশী রাষ্ট্রটির অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চার জন্য পাকিস্তানকে বরাবরই দোষারোপ করে আসছে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র। টাইমস অব ইন্ডিয়া।