আফগান পরিস্থিতি নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জন্য আফগানিস্তান পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, ২০১৩ সালের মধ্যে মার্কিন বাহিনীকে তাঁর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরে আসতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তালেবান। এর আগে ন্যাটো বাহিনীকে ধারাবাহিকভাবে রণাঙ্গন ত্যাগ করার জন্য আফগান সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল।প্রায় এক দশকের রক্তক্ষয়ী সহিংসতার পর এখন যুক্তরাষ্ট্র মনে করছে, তালেবানের সঙ্গে আলোচনা ছাড়া আফগান সমস্যার সমাধান হবে না। তাই পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিয়ে থাকা তালেবানদের সঙ্গে দুই বছর ধরে গোপন আলোচনা চলছে। একটি রাজনৈতিক সমাধানের প্রলেপ দিয়ে ইতিমধ্যে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান ত্যাগের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সাম্প্রতিক বড় দুটি ঘটনা আফগানিস্তান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক করে তুলেছে। পবিত্র কোরআনে মার্কিন সেনাদের আগুন দেওয়ার খবরে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো আফগানিস্তান। এরই মধ্যে গত রোববার এক মার্কিন সেনাসদস্য গুলি করে ১৬ জন গ্রামবাসীকে হত্যা করেন। পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুই দফা আফগান প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা গত বুধবার কাবুল সফরে যান। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে খোদ আফগান সরকারের ক্ষোভ প্রশমনে আলোচনা করা হয়। প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু একই দিন গ্রামবাসীকে গুলি করে হত্যাকারী মার্কিন সেনাসদস্যকে গোপনে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ফুঁসে ওঠে আফগানিস্তান। আফগান সরকার ও জনগণের দাবি ছিল, আফগানিস্তানের মাটিতে ওই সেনার বিচার করতে হবে। তবে পেন্টাগন দাবি করছে, কৌশলগত নিরাপত্তার কারণে ওই সেনাসদস্যকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে বলেন, ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে সব কাজ শেষ করা সম্ভব হবে না। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘসূত্রতা তালেবানকে হতাশ করেছে। কট্টর তালেবানরা এখন আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের অনুকূল মনে করছে। মার্কিনবিরোধী প্রচণ্ড ক্ষোভ এবং জনসমর্থনহীন কারজাই সরকার তালেবানের জন্য ভিন্ন রাজনৈতিক হিসাব এনে দিয়েছে।