আফগান পার্লামেন্ট থেকে বহিষ্কৃত সদস্য অনশনে অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পার্লামেন্ট থেকে বহিষ্কারের প্রতিবাদে আট দিন ধরে অনশনরত নারী এমপি সেমিন বারেকজাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার পরও পার্লামেন্টে পুনর্বহাল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত রোববার থেকে তিনি অনশন শুরু করেন।ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভের অভিযোগে সেমিনসহ নয়জন এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়। সেমিন পার্লামেন্ট ভবনের বাইরে তাঁবু স্থাপন করে অনশন চালিয়ে যাচ্ছেন। গতকাল সেমিন বারেকজাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আইন লঙ্ঘন করা হয়েছে। ন্যায়বিচার দুর্বল হয়ে পড়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।’ সেমিন এত অসুস্থ যে কথা বলতে পারছিলেন না।অনশনরত সেমিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একজন চিকিৎসক রাখা হয়েছে। সেই চিকিৎসক মোহাম্মদ ফারদিন জানান, আট দিন ধরে খাবার না খাওয়ায় তিনি (সেমিন) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসক বলেন, ‘তাঁর অবস্থা ভালো নয়। ইতিমধ্যে তাঁর পেটের সমস্যা দেখা দিয়েছে। আমার আশঙ্কা, এটা তাঁর জন্য বিপজ্জনক হতে পারে।’ ওই চিকিৎসক আরও জানান, গত শনিবার তাঁর (সেমিন) রক্তচাপ অনেক কমে গিয়েছিল। রাতভর স্যালাইন দেওয়া হয়েছে।গতকাল রোববার এএফপির সাংবাদিকদের সামনেই স্যালাইন নিতে অস্বীকৃতি জানান সেমিন। মাথা নাড়িয়ে ফিসফিস করে সেমিন বারেকজাই চিকিৎসককে বলেন, ‘আমি এটা চাই না।’সেমিনের তাঁবু ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিক, রাজনীতিক ও মানবাধিকারকর্মীরা তাঁকে দেখতে ভিড় করছেন।৩২ বছর বয়সী সেমিন বারেকজাই গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত থেকে নির্বাচিত হন। গত আগস্টে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) সেমিন বারেকজাইসহ নয় জন এমপিকে ভোট কারচুপির দায়ে অযোগ্য ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়।তবে পার্লামেন্টের অন্তত ১০০ জন সদস্য আইইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বেশির ভাগ অধিবেশন বর্জন করেন। যে আদালতের নির্দেশে ওই নয় সদস্যকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়, সেই আদালতের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন অধিবেশন বর্জনকারী পার্লামেন্ট সদস্যরা।পার্লামেন্ট থেকে বহিষ্কারের প্রতিবাদে গত রোববার থেকে অনশন শুরু করেন সাবেক সাংবাদিক সেমিন বারেকজাই। এএফপি, রয়টার্স।