আফগান পুলিশকে প্রশিক্ষণদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
ন্যাটোর সেনাদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে সদ্য নিয়োগপ্রাপ্ত আফগান স্থানীয় পুলিশ (এএলপি) সদস্যদের প্রশিক্ষণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এএলপিতে তালেবানের সঙ্গে সম্পর্ক থাকা আফগানদের অনুপ্রবেশ ঘটেছে কি না, তা খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সিরিজ হামলায় বেশ কয়েকজন বিদেশি সেনা নিহত হয়েছে। আফগান সেনা অথবা পুলিশ সদস্যরা এসব হামলা পরিচালনা করে। এর জের ধরে যুক্তরাষ্ট্র এএলপির প্রশিক্ষণ বন্ধ রাখার ঘোষণা দিল।আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অধীনে বর্তমানে প্রায় এক হাজার এএলপি প্রশিক্ষণার্থী রয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ বন্ধ রাখার এই সিদ্ধান্ত সাময়িক। আফগানিস্তান থেকে আইএসএএফ প্রত্যাহারের পরিকল্পনা আরও ফলপ্রসূ করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এর মধ্যে পাল্টা গোয়েন্দা দল জোরদার করা হবে। আফগান সেনা ও পুলিশের পোশাক বিক্রি অবৈধ ঘোষণা করা হবে। যে সেনাদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের অভিযান অব্যাহত থাকবে। এএলপি তুলনামূলকভাবে নতুন বাহিনী। এই বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিবিসি।