আফগান পুলিশের গুলিতে মার্কিন সামরিক কর্মকর্তা নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের পুলিশ সদর দপ্তরে গতকাল সোমবার এক নারী পুলিশ সদস্যের গুলিতে একজন মার্কিন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। একই দিন পৃথক ঘটনায় এক আফগান পুলিশ কর্মকর্তা পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন।আফগানিস্তানে ন্যাটো বাহিনীর সদস্যকে লক্ষ্য করে আফগান নারী পুলিশ সদস্যের গুলি ছোড়ার ঘটনা এটাই প্রথম। এ নিয়ে চলতি বছর আফগান পুলিশ বা সেনাবাহিনীর পোশাকধারীদের হামলায় ন্যাটোর ৫২ জন সদস্য নিহত হলেন। ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) একজন মুখপাত্র জানান, আফগান নারী পুলিশের হামলায় ওই মার্কিন সামরিক উপদেষ্টা নিহত হন। ঘটনার পরপরই ওই নারী পুলিশকে আটক করা হয়েছে। এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের পুলিশ-প্রধান জানান, প্রদেশে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট একটি আফগান স্থানীয় পুলিশ (এএলপি) কেন্দ্রের প্রধান কর্মকর্তা গুলি করে তাঁর পাঁচ সহকর্মীকে হত্যা করেছেন। পরে তিনি পালিয়ে তালেবানের সঙ্গে যোগ দেন। তাঁর নাম দুর মোহাম্মদ। এএফপি, রয়টার্স।