আফগান প্রাদেশিক পুলিশপ্রধান গুলিতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের ফারাহ প্রদেশে গতকাল শুক্রবার বন্দুকধারীর গুলিতে প্রাদেশিক পুলিশপ্রধান আবদুল ঘানি নিহত হয়েছেন। আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
একজন কর্মকর্তা জানান, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তালেবানবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালনকারী আবদুল ঘানিকে লক্ষ্য করে গতকাল রাতে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গুলি চালায়। এ সময় নিজের বাসার সামনে তিনি গাড়িতে উঠছিলেন।
প্রাদেশিক মুখপাত্র আবদুল রহমান জাওয়ানদাই বলেন, হামলার পর আবদুল ঘানিকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি।
সাম্প্রতিক সময়ে আবদুল ঘানি জঙ্গিদের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান পরিচালনা করেন এবং বেশ কয়েকজন তালেবান নেতাকে আটক করেন। এ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে তালেবান জঙ্গিরা তাঁকে হুমকি দিয়েছিল বলে ওই মুখপাত্র জানান।