আফগান প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই শুরু
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল সোমবার শুরু হয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।
আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে তালেবান সরকারকে উৎখাত করা হয়। পর পর দুবার নির্বাচনে হামিদ কারজাই প্রেসিডেন্ট পদে জয়ী হন। দেশটির আইন অনুযায়ী আগামী বছরের ৫ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে তৃতীয় দফায় প্রার্থী হতে পারবেন না কারজাই।
আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) মুখপাত্র নূর মোহাম্মদ নূর গতকাল সাংবাদিকদের বলেন, অন্তত ২৮ জন প্রার্থী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তিনি আরও জানান, নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। কারও বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকলে তিনি প্রার্থী হতে পারবেন না। সম্ভাব্য প্রত্যেক প্রার্থীকে তাঁর পক্ষের জনসমর্থন প্রমাণ করতে অন্তত এক লাখ ভোটার কার্ড জমা দিতে হবে।
২০০৯ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে ভোট জালিয়াতির ব্যাপক অভিযোগ ওঠে। এবারের নির্বাচন সুষ্ঠু করার উদ্দেশ্যে নিয়ম-কানুন কঠোর করা হয়েছে।
কারজাই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কোনো প্রার্থীকে সমর্থন দেবেন না। তিনি আশা করেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।
তবে আন্তর্জাতিক দাতা দেশগুলো আফগানিস্তানের এই নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করে আসছে।
কারজাই বলেন, সাবেক যুদ্ধবাজ আবদুল রসুল সাইফ, ২০০৯ সালের নির্বাচনে পরাজিত প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ ও সাবেক অর্থমন্ত্রী আশরাফ ঘানি প্রার্থী হতে পারেন।
নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে ১৬ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে। এএফপি।