আফগান প্রেসিডেন্টের প্রাসাদে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগান প্রেসিডেন্ট ভবনের পূর্ব-ফটকের দিক দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
আফগান প্রেসিডেন্ট ভবনের পূর্ব-ফটকের দিক দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আজ মঙ্গলবার সকালে হামলা চালিয়েছে তালেবান।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার পর প্রেসিডেন্টের প্রাসাদের পূর্ব ফটকের দিক দিয়ে হামলা শুরু হয়। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ডাকা একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে এ সময় সেখানে সংবাদকর্মীরা জড়ো হচ্ছিলেন।হামলার সময় প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রাসাদের ভেতরে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। আরও হামলা হয়েছে সুরক্ষিত ওই এলাকায় অবস্থিত আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অ্যারিয়ানা হোটেলে। হোটেলটি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) আফগান সদর দপ্তর হিসেবে ব্যবহূত হচ্ছে।

তালেবানের সঙ্গে মার্কিন-সমর্থিত শান্তি আলোচনা নিয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রশ্ন তোলার এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল।

বিবিসির খবরে জানানো হয়, ভবনের কাছে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী ও সিআইএর সদস্যদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় এলাকাটিতে দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে পুরো এলাকা কেঁপে ওঠে।

হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বার্তায় দাবি করেন, ‘আজ সকাল সাড়ে ছয়টায় আমাদের বেশ কজন যোদ্ধা প্রেসিডেন্ট ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অ্যারিয়ানা হোটেলে হামলা চালিয়েছে।’