আফগান বাহিনী রাতের অভিযানে নেতৃত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবানের শক্ত অবস্থান থাকা এলাকাগুলোতে রাতের বেলায় অভিযান চালানোর বিষয়ে দেশটির সঙ্গে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে আফগান বাহিনী নেতৃত্ব দেবে। তাদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্রসহ বিদেশি বাহিনী। গতকাল রোববার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।এই চুক্তি সই উপলক্ষে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি জানান, চুক্তি অনুযায়ী রাতের সব অভিযানই আফগান বাহিনীর নেতৃত্বে হবে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য বিদেশি তথা মার্কিন বাহিনী এসব অভিযানে আফগান বাহিনীকে সহায়তা করবে।আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ারদাক ও যুক্তরাষ্ট্রের পক্ষে আইএসএএফের মার্কিন কমান্ডার জেনারেল জন অ্যালেন এই চুক্তিতে সই করেন। প্রতিরক্ষামন্ত্রী ওয়ারদাক বলেন, এই চুক্তি আফগান জাতীয় সার্বভৌমত্বের মৌলিক পদক্ষেপ।আফগানিস্তানে বিদেশি বাহিনী রাতের বেলায় অভিযান চালানোয় দেশটির জনগণ ক্ষুব্ধ। প্রেসিডেন্ট কারজাইও বিভিন্ন সময়ে দেশটিতে অবস্থানরত সামরিক জোট ন্যাটো বাহিনীর অভিযানকে বেপরোয়া বলে অভিযোগ করেন।তবে ন্যাটো ও আন্তর্জাতিক বাহিনী বলছে, তালেবান দমনে রাতের বেলায় অভিযান চালানো অত্যন্ত প্রয়োজন। তালেবান এক দশকেরও বেশি সময় ধরে আফগান বাহিনী ও দেশটিতে অবস্থানরত বিদেশি সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে আসছে।আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি ২০১৪ সালের মধ্যে দেশটি থেকে এক লাখ ৩০ হাজার বিদেশি সেনা প্রত্যাহারে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ফাইজি জানান, এই চুক্তির আওতায় আফগান, ন্যাটো ও মার্কিন বাহিনীর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। কোথাও রাতে অভিযান চালানোর প্রয়োজন হলে ওই যৌথ কমিটি অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আফগান বাহিনী। তিনি আরও জানান, অভিযানের সময় কোনো কিছুর প্রয়োজন হলে সেই সহায়তা দেবে মার্কিন ও বিদেশি বাহিনী। এই ‘প্রয়োজন’ হতে পারে বিমান হামলা চালানোর জন্য বিশেষ সহায়তা বা আধুনিক কোনো প্রযুক্তির সহায়তা।চুক্তির বিষয়ে ফাইজি যেসব কথা জানান, সেগুলো অভিযান সম্পর্কে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের কথারই প্রতিফলন। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানান, আগামীতে একটি চুক্তি করা হবে, যাতে অভিযানের নেতৃত্ব আফগানদের হাতেই থাকবে।চুক্তি স্বাক্ষরকারী জেনারেল অ্যালেন গত মাসে সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে জানান, গত সপ্তাহে আফগানিস্তানে রাতের বেলায় দুই হাজার ২০০ অভিযান চালানো হয়। এসব অভিযানের ৯০ শতাংশ ক্ষেত্রে গুলি চালানো হয়নি। এসব অভিযানে বেসামরিক জনগণ হতাহতের ঘটনা খুবই কম ঘটেছে বলে দাবি করেন তিনি। এএফপি।