আফগান বাহিনীকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ
সাতটি এলাকার নিরাপত্তার ভার আফগান বাহিনী নিতে যাচ্ছে—সে দেশের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এ ঘোষণাকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নিজেদের ভবিষ্যতের ভার আফগানদেরই নিতে হবে।আফগান প্রেসিডেন্ট গত মঙ্গলবার ঘোষণা দেন, আগামী জুলাই থেকে সে দেশের সাতটি এলাকার নিরাপত্তার ভার আফগান সেনারাই নেবে। ওই সাতটি এলাকার মধ্যে রয়েছে, রাজধানী কাবুল, পানশির, বামিয়ান, হেরাত, মাজার ই শরিফ এবং মেহতারলাম শহর। এ ছাড়া সংঘাতপূর্ণ হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানে জোট বাহিনীর অভিযান শেষ করার কথা ঘোষণা করেছিলেন। সেনা প্রত্যাহার শুরুর আগে আফগান বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকেরা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও এ প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ বলে মানেন। একটি সামরিক ঘাঁটিতে গত মঙ্গলবার দেওয়া বক্তব্যে কারজাই বলেন, আফগানিস্তানের জনগণ আর চায় না, এ দেশের নিরাপত্তার ভার বিদেশিদের হাতে থাকুক। দায়িত্ব নেওয়ার এ ঘটনাকে নিজেদের অধিকার বলেও উল্লেখ করে কারজাই বলেন, ‘আমাদের এ অধিকার আদায় করতে হবে। নিরাপত্তার ভার নিজেদেরই নিতে হবে। যেকোনো উপায়ে দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে হবে।’এক বিবৃতিতে হিলারি ক্লিনটন বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, নিজেদের ভবিষ্যতের দায়ভার আফগানদেরই নিতে হবে। নিজেদের নিরাপত্তা বিধান, শাসন জোরদার এবং সংঘাতের রাজনৈতিক সমাধানে পৌঁছার দায়িত্ব নিতে হবে। আমরা আগামী জুলাই মাস থেকে আফগানিস্তানের সেনা উপস্থিতি হ্রাসের প্রক্রিয়া শুরু করব। শর্ত সাপেক্ষে ২০১৪ সালে সেনা প্রত্যাহার শেষ হবে।’বিদেশি সেনা প্রত্যাহারের দীর্ঘ এ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে জুলাইয়ে সাতটি এলাকার নিরাপত্তার দায়িত্বভার আফগান সেনাদের কাছে হস্তান্তর করা হবে।এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রক্রিয়া বাস্তবায়নে অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) সর্বাত্মক সহযোগিতা দেবে।আফগানিস্তানে ২০০১ সালে তালেবান জঙ্গিদের উৎখাতের পর থেকে সেখানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী লড়াই করছে। ওই বাহিনীতে যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে সবচেয়ে বেশি। এরপর রয়েছে ব্রিটেনের স্থান। গত মাস ছিল বিদেশি সেনাদের জন্য সবচেয়ে ভয়াবহ মাস। এএফপি ও বিবিসি।