আফগান বাহিনীর সঙ্গে যৌথ কার্যক্রম চালাবে না ন্যাটো
আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ সামরিক কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। তবে বড় ধরনের অভিযানে প্রয়োজনে যৌথ অংশগ্রহণ থাকবে। ন্যাটোর কর্মকর্তা লে. জেনারেল জেমস টেরি গতকাল মঙ্গলবার এ কথা জানান।আফগান নিরাপত্তা বাহিনীর হামলায় সম্প্রতি বেশ কয়েকজন বিদেশি সেনা নিহত হওয়ার পর স্থানীয়দের সঙ্গে যৌথ কার্যক্রম থেকে সরে আসার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো ন্যাটো। আফগানিস্তান থেকে ন্যাটো সেনাদের ২০১৪ সালের শেষ নাগাদ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। দেশটির সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে আসছিল ন্যাটো।আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) এক বিবৃতিতে জানায়, ন্যাটোর যৌথ সামরিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে, ইসলামের অবমাননা করে চলচ্চিত্র প্রকাশের পর পরিবর্তিত পরিস্থিতি। বিদেশি সেনাদের ওপর স্থানীয়দের ক্রমাগত হামলা ন্যাটোর সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।ন্যাটোর মুখপাত্র অ্যাডাম উওজ্যাক বলেন, আফগান নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব বুঝে নিয়েছে। এসব অঞ্চলের মধ্যে বিদ্রোহীদের ঘাঁটি বলে পরিচিত এলাকাও রয়েছে। বড় ধরনের অভিযানে প্রয়োজনে তাদের সাহায্য করবে ন্যাটো।আফগান প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র আফজাল আমান বলেন, ন্যাটোর কৌশল পরিবর্তনের ব্যাপারে সরকারকে এখনো কিছু জানানো হয়নি। তবে তাদের নতুন সিদ্ধান্তের কারণে আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযানে স্থানীয় সেনাদের প্রতি আন্তর্জাতিক সহায়তা কমে যাবে। এতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।আফগান সেনাদের হামলায় চলতি বছর এ পর্যন্ত ন্যাটোর ৫১ জন সেনাসদস্য নিহত হন। এর মধ্যে কেবল গত মাসেই ১৫ জন বিদেশি সেনাকে হত্যা করা হয়। গত সপ্তাহে হামলায় যুক্তরাষ্ট্রের চারজন ও যুক্তরাজ্যের দুজন সেনাসদস্য নিহত হন। আফগান সেনা বা পুলিশ সদস্যের হামলায় চলতি বছর যুক্তরাজ্যের পাঁচজন সেনাসদস্য নিহত হন।তালেবান জঙ্গি গ্রেপ্তার: জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে তালেবানের এক সদস্যকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। ন্যাটো জানায়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটোর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে তিনি দুজন মার্কিন সেনাসদস্যকে হত্যা করেন এবং পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেন।আত্মঘাতী হামলায় ১২ জন নিহত: রাজধানী কাবুলে গতকাল সকালে এক নারীর আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়। এদের মধ্যে আটজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। যাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে ওই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বিবিসি, এএফপি, রয়টার্স।