আফগান মাদকাসক্তদের ‘মা’ লায়লা
নিদারুণ যন্ত্রণার সীমাহীন অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। কিন্তু এই অভিজ্ঞতা নিয়ে যখন কথা বলেন, তখন তাঁর মুখে হাসি ফোটে। বিয়ে করেন সেই ১২ বছর বয়সে। মা-ও হন এক বছর পর মাত্র ১৩ বছর বয়সে। নরকযন্ত্রণার সাক্ষী মানুষটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাধারণ নারী লায়লা হায়দারি। মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই তাঁর ব্রত। তাই মাদকাসক্ত ব্যক্তিদের কাছে তিনি পরিচিত ‘মা’ বলে। কাবুলের বাসিন্দা ত্রিশোর্ধ্ব লায়লার জন্ম ও বেড়ে ওঠা ইরানে। নিজ দেশে যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার শিকার হয়ে তাঁর বাবা-মা শরণার্থী হিসেবে সেখানে আশ্রয় নিয়েছিলেন। এক বছর আগে সেখান থেকেও চলে আসেন আফগানিস্তানে। আফগানিস্তানে আসার পর পরিবারের চাপে বিয়ে করেন লায়লা। নতুন জীবনেও সুখের দেখা মেলেনি। অত্যাচারী স্বামীর নির্যাতন সয়ে কাটিয়ে দেন ১৩টি বছর। পরে বিবাহবিচ্ছেদ ঘটান। এই ‘অপরাধে’ বাবা-মা ও নিজের সন্তানদের কাছ থেকেও একঘরে হন তিনি। নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে লায়লাকে জীবনের পুরো সময়টাই ব্যয় করতে হয়েছে। এখন আবার নিজেকে উৎসর্গ করেছেন কাবুলের রাস্তায় পড়ে থাকা মাদকাসক্ত ব্যক্তিদের জীবন বাঁচাতে। বিশ্বের ৯০ শতাংশ আফিম উৎপাদিত হয় আফগানিস্তানে। তার ওপর দেশটিতে নেই স্বাস্থ্যসেবার যথেষ্ট অবকাঠামো। এই অবস্থায় মাদকাসক্তি এখানে এক ভয়ংকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১০ সালে দেশটিতে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১৫ লাখ। তাদের মধ্যে ১০ লাখই হেরোইন ও আফিমের মতো ভয়ানক মাদকে আসক্ত। ন্যূনতম চিকিৎসাসেবার অভাবে তাদের জীবন প্রায় বিপন্ন।কাবুল নদীর ওপর নির্মিত সেতু পুল-ই-শখতার নিচে গত শীতে আশ্রয় নিয়েছিল এই মাদকাসক্ত ব্যক্তিদের অনেকে। তীব্র ঠান্ডায় জমে এদের এক বড় অংশ মারা যায়। ওই সময় কোনো একদিন সেতুটি পার হচ্ছিলেন লায়লা। স্বামীকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টায় ব্যর্থতার কথা স্মরণ করে তখন মানুষগুলোর জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। মনস্থির করেন এদের জীবনে নিজেকে ত্রাতা হিসেবে সঁপে দেওয়ার।লায়লার কথায়, ‘মাদার তেরেসাকে সবাই স্মরণ করে। আমিও চেয়েছি তাঁর পথ অনুসরণের। পরে আমি গান্ধী ও চে গুয়েভারাকে নিয়ে চর্চা শুরু করি। তাঁরা মানুষের জন্য কিছু করেছেন। তাই নিজেকে প্রশ্ন করি, আমিও কি অন্যের জন্য কিছু করতে পারি না?’লায়লার অক্লান্ত চেষ্টায় অনেক মাদকাসক্ত আফগানই এখন সুস্থ জীবন ফিরে পেয়েছে। এ কথারই প্রতিধ্বনি পাওয়া যায় সাবেক সেনাসদস্য আলীর কথায়, ‘স্বাভাবিক জীবনে ফেরাতে আমার আসল মা আমাকে বিভিন্ন স্থানে নেওয়ার চেষ্টা করেছেন। না পেরে আমাকে ফেলে চলে গেছেন। তবে এখন আমি পুরোপুরি সুস্থ।’ এএফপি।