আফগান-মার্কিন নিরাপত্তা চুক্তি নিয়ে অচলাবস্থার অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। প্রস্তাবিত ওই চুক্তি নিয়ে জ্যেষ্ঠ আফগান উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের মধ্যে ভোটাভুটির দুই দিন আগে সরকারের পক্ষ থেকে গত মঙ্গলবার এ কথা জানানো হয়।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি কাবুলে সাংবাদিকদের বলেন, ওই চুক্তির ফলে মার্কিন বাহিনী কেবল ‘বিশেষ পরিস্থিতিতে’ আফগানদের বাড়িঘরে প্রবেশাধিকার পাবে। চুক্তির পথে বাধা আপাতত দূর হয়েছে।

ফাইজি বলেন, প্রেসিডেন্ট কারজাই মঙ্গলবার টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলেছেন। দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির (বিএসএ) ব্যাপারে চূড়ান্ত সমঝোতার ব্যাপারে তখন আলোচনা হয়েছে। কারজাই-কেরি ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি বলেন, চুক্তির ব্যাপারে চূড়ান্ত সম্মতিতে পৌঁছাতে আরও কিছু পথ পাড়ি দিতে হবে।

তবে চূড়ান্ত সম্মতি হলেও চুক্তির ব্যাপারে আফগান উপজাতীয় নেতা ও রাজনীতিকদের সমন্বিত সভায় (লয়া জিরগা) অনুমোদন বাধ্যতামূলক বলে জানিয়েছে আফগান সরকার। কাবুলে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী লয়া জিরগা।
ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র: আফগানিস্তানে ১২ বছরব্যাপী যুদ্ধ চলাকালে কোনো ‘ভুলের’ জন্য যুক্তরাষ্ট্র ক্ষমা চাইবে না। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এ কথা জানিয়েছেন। এএফপি।