আফগান রণাঙ্গনের এক নারীসেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নিয়োজিত আছেন হাজার হাজার নারীসেনাও। এমনই একজন নারীসেনা লেফটেন্যান্ট কর্নেল জেনি ক্যারিগনান। যুদ্ধক্ষেত্রের বৈরী পরিবেশে কীভাবে দিন কাটাচ্ছেন ক্যারিগনান বা তাঁর মতো নারীসেনারা—সম্প্রতি বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র।২০০৩ সালে কানাডার সেনাবাহিনীতে প্রথম নারী ডেপুটি কমান্ডিং অফিসার হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট কর্নেল জেনি। তিনি এখন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের সেনাঘাঁটিতে কাজ করছেন। এটি আফগানিস্তানের ঝুঁকিপূর্ণ সেনাঘাঁটিগুলোর একটি। সেনাবাহিনীর প্রকৌশলী ও ভূমিমাইন বিস্ফোরক দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। জেনি বলেন, তাঁর অধীনে যেসব সেনা কাজ করছেন তাঁরা তাঁকে নারী নয়, বরং একজন সেনা হিসেবেই দেখেন। কাজ করতে গিয়ে নারী হিসেবে আলাদা করে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি তাঁকে। তবে জুনিয়র লেফটেন্যান্ট হিসেবে কাজ শুরুর সময় প্রথমে বেশ ভয় পেয়েছিলেন তিনি। ধীরে ধীরে সে ভয় তাঁর কেটে গেছে।গোলান মালভূমি ও বসনিয়া-হার্জেগোভিনাতে সেনা অভিযান চালানোর সময় ক্যারিগনান পেশাগত জীবনে আরও দক্ষ হয়ে ওঠেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তাঁর মনোবল আরও বেড়েছে। সামরিক পোশাকের কারণেই যেন তাঁকে নারী হিসেবে কেউ দুর্বল ভাবেনি।পেশায় সেনা হলেও ক্যারিগনানের রয়েছে আনন্দভরা একটি সংসার। চার সন্তান—জ্যাক, অ্যামেলিয়া, ইয়ান ও ক্যামেলিয়ার জননী তিনি। সবচেয়ে ছোট সন্তানের বয়স তিন আর বড়টির ১৪ বছর। পেশাগত দায়িত্ব পালনের জন্যই ছেলেমেয়েদের ছেড়ে দূরে থাকতে হয় তাঁকে। কানাডার কুইবেক শহরে ক্যারিগনানের বাড়ি। তাঁর স্বামী এরিক লেফ্রানকয়েসই বেশির ভাগ সময় ছেলেমেয়েদের দেখাশোনা করেন। এমন মায়ের জন্য ক্যারিগনানের সন্তানেরাও রীতিমতো গর্ব বোধ করে। সংসারজীবনে কোনো রকম অতৃপ্তি নেই ক্যারিগনানের। লেফ্রানকয়েস বলেন, ছেলেমেয়েদের বেহালা, শরীরচর্চা, হকি ও পিয়ানোর মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করেন তিনি। এভাবে তারা হাসিখুশি থাকে এবং মাকে ছাড়াও নিঃসঙ্গ পরিবেশের মধ্যে নিজেদের মানিয়ে নিতে পারে। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি এখন হাইস্কুলে শিক্ষকতা করছেন।মা আফগানিস্তানে যুদ্ধ করছেন আর বাবা ঘরে বসে ছেলেমেয়েদের সামলাচ্ছেন—এমন ঘটনায় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব টিপ্পনী কাটলেও তাতে বিচলিত হননি লেফ্রানকয়েস। তবে তাঁর চিন্তা সবচেয়ে ছোট সন্তান তিন বছরের ক্যামেলিয়াকে নিয়ে। অনেক দিন পর ফিরে এলে মাকে চিনতে পারে না ক্যামেলিয়া। লেফ্রানকয়েস মনে করেন, আরেকটু বড় হলেই বাকি ছেলেমেয়েদের মতো মায়ের সঙ্গে মিশে যেতে পারবে সে। ক্যারিগনানের সন্তান এমিলি বলে, ‘বন্ধুরা যখন শোনে যে মা আফগানিস্তানে যুদ্ধ করে, তখন তারা অবাক হয়। আর তাদের বিস্ময় দেখে আমি গর্ব বোধ করি। আমার মা সাহসী। আর তাই তিনি যুদ্ধ করছেন।’ওয়েবক্যামে মায়ের সঙ্গে প্রায়ই কথা হয় চার সন্তানের। মাকে নিয়ে তারা উদ্বিগ্ন থাকে। তবে ওয়েবক্যামে মাকে দেখে তারা স্বস্তি ফিরে পায়। সামনের সেপ্টেম্বরে ক্যারিগনানের বাড়ি ফেরার কথা। আর তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর পরিবার। ক্যারিগনানের মতো আফগানিস্তানে আরও অনেক নারীসেনার পরিবারের এভাবেই অপেক্ষায় দিন কেটে যাচ্ছে। বিবিসি অবলম্বনে শুভা জিনিয়া চৌধুরী।