
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি আফগান শান্তি প্রক্রিয়া বাস্তবায়ন এবং বিতর্কিত মার্কিন চালকবিহীন বিমানের (ড্রোন) হামলা বন্ধ করার ব্যাপারে আলোচনা করবেন। তিনি পাকিস্তানের অর্থনীতি ও জ্বালানি খাতে বিদ্যমান সমস্যা নিরসনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবেন বলেও মনে করা হচ্ছে।
আজ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করবেন নওয়াজ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বুধবার বৈঠক হবে তাঁর। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সেখানকার কর্তৃপক্ষ এবং তালেবানের মধ্যে নড়বড়ে শান্তি উদ্যোগে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সহায়তা চাইবে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রে এটিই গত কয়েক বছরে পাকিস্তানের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের সরকারি সফর। ২০১১ ও ২০১২ সালে বিভিন্ন সংকট অতিক্রমের পর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের জন্য চলতি বছর নতুন করে উদ্যোগ নেওয়া হয়। ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ের’ স্বার্থে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সীমান্ত এলাকায় তালেবানসহ জঙ্গি দমনের যুক্তিতে মার্কিন ড্রোন হামলা অব্যাহত থাকায় পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে চাপের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ভেতরে গোপন অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার ঘটনা তিক্ততাকে চরমে তুলেছিল।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞ ড্যানিয়েল মার্কি বলেন, গত মে মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে নওয়াজ শরিফের ইতিবাচক অবস্থান যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করেছে।
আফগান শান্তি প্রক্রিয়ার ব্যাপারে পাকিস্তান অসহযোগিতা করেছিল বলে অতীতে অভিযোগ উঠেছিল। এ ছাড়া দেশটি আফগান তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে বলেও অভিযোগ রয়েছে। ১৯৯০-এর দশকে কট্টরপন্থী তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছিল ইসলামাবাদ।
পাকিস্তানি কারাগার থেকে আফগান তালেবান বন্দীদের মুক্তি দেওয়ার ফলে ইসলামাবাদের ওপর থেকে অভিযোগ প্রত্যাহারের কিছুটা সুযোগ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপ্রাপ্ত ওই নেতাদের মধ্যে ছিলেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আবদুল গনি বারাদার।
মার্কি বলেন, আফগান শান্তি প্রক্রিয়া শুরুর প্রাক্কালে পাকিস্তানের নতুন অবস্থানকে ওবামা স্বাগত জানাতে পারেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেন, নওয়াজের চলতি সফরে ড্রোন হামলার বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান তুলে ধরা হবে।
ড্রোন হামলার বিরুদ্ধে পাকিস্তানে শক্তিশালী জনমত রয়েছে। এ ধরনের হামলাকে পাকিস্তান তার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বিবেচনা করে। তবে যুক্তরাষ্ট্র মনে করে, জঙ্গিদের দমনে ড্রোন অত্যন্ত কার্যকর একটি অস্ত্র।
পাকিস্তানি বিশ্লেষক হারুন আসকারি মনে করেন, যুক্তরাষ্ট্র ড্রোন হামলা বন্ধে রাজি হবে না। পাকিস্তানকেই তার উপজাতি অধ্যুষিত অঞ্চলে সরকারি নিয়ন্ত্রণ জোরদার করতে হবে। তবে এখন দেশটির সেই সামর্থ্য নেই।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গেও যুক্তরাষ্ট্রে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নওয়াজ। আইএমএফ গত মাসে পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর প্রত্যাশার চেয়ে কমে যেতে পারে। এএফপি।