আফগান সাঁতারুর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোভিয়েত ভূমিমাইনে উড়ে গিয়েছিল আফগান তরুণ মালেক মোহাম্মদের দুটি পা। তবে দমার পাত্র নন তিনি। দুই হাত ভরসা করেই আসন্ন লন্ডন প্যারা-অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন। পদক ছিনিয়ে আনারও স্বপ্ন দেখেন মালেক।রাজধানী কাবুলের একটি সুইমিং পুলে সাঁতার কাটেন মালেক (১৮)। অনুশীলনের এক ফাঁকে তিনি এএফপিকে বলেন, ‘আশা করি লন্ডন সাঁতারে অংশ নিতে আমাকে নির্বাচিত করা হবে। এখন আমি শুধু এই জন্য প্রার্থনা করি।’মালেক বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নিয়ে যদি কোনো পদক ছিনিয়ে আনতে পারি, তাহলে তা আমার দেশ ও দেশের মানুষের মুখ উজ্জ্বল করবে। বিশেষ করে, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাকে নিয়ে গর্ববোধ করবেন। আমার পরিবারের সদস্যরা, সবাই খুশি হবে।’২০০৫ সালের ঘটনা। কাবুল বিমানবন্দরের কাছে সোভিয়েত মাইন এলাকায় হাঁটছিলেন মালেক। একপর্যায়ে মাইন বিস্ফোরণ ঘটে। ওই দুর্বিষহ ঘটনার কথা স্মরণ করে মালেকের মা সাবজা গুল বলেন, ‘ওকে তখন মানুষের মতো দেখাচ্ছিল না। ছিন্নভিন্ন ওর শরীর। হাসপাতালে আমার ছেলেকে ওই অবস্থায় দেখে মূর্ছা গিয়েছিলাম।’ওই দুর্ঘটনায় মালেক দুটি পা হারান। বাঁচার আশা প্রায় ছিল না। তবে তাঁর ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে। কারণ, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড মালেকের দুর্ঘটনার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুই বছর চিকিৎসা দেওয়া হয় তাঁকে।মালেক বলেন, ‘আমি ইংরেজি শিখেছি। কীভাবে সাঁতার কাটতে হয়, তাও রপ্ত করেছি। কৃত্রিম পা নিয়ে কী করে হাঁটতে হয় শিখেছি। কী করে বন্ধুত্ব গড়ে তুলতে হয় শিখেছি।’যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়ে মালেক এখন দেশটির ঘোর সমর্থক। জর্জ বুশ সিনিয়রের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল তাঁর। সাবেক এই প্রেসিডেন্টের স্বাক্ষর করা একটি ছবিকে মহামূল্যবান উপহার হিসেবে সংরক্ষণ করেন মালেক। ওই আলোকচিত্রে বুশ লিখেছেন, ‘শুভ কামনা, মহান জীবন লাভ করো তুমি।’ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে একটি স্থানীয় সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেওয়ার পর টেলিভিশনে মালেককে দেখানো হয়। পত্রিকায় তাঁকে নিয়ে প্রতিবেদন ছাপানো হয়। ওই সময়ের স্মৃতিচারণা করে মালেক বলেন, ‘দুর্ঘটনার আগে আমি কিছুই ছিলাম না। পরিবারের এক ছেলে ছিলাম মাত্র। তখন আমি পড়াশোনার পাশাপাশি বেকারিতে কাজ করতাম। এখন আমি অনেক দূর যেতে চাই। অনেক অনেক দূর।’লন্ডনে ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্যারা-অলিম্পিক সাঁতার প্রতিযোগিতা চলবে। প্রতিবন্ধীদের জন্য বিশেষ এই প্রতিযোগিতায় অংশ নিতে মালেককে আন্তর্জাতিক প্যারা-অলিম্পিক কমিটির কাছ থেকে আমন্ত্রণ পেতে হবে। প্রায় অর্ধডজন প্রতিবন্ধী আফগানের মতো মালেকও আমন্ত্রণ পাওয়ার আশায় আছেন। এএফপি।