আফগান সেনাঘাঁটিতে গণকবরের সন্ধান
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের একটি সেনাঘাঁটিতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই গণকবর থেকে মানুষের অন্তত ১০টি খুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।গত মঙ্গলবার বলখের দেহ্ দাদি নামক জায়গার কাছে অবস্থিত ওই সেনাঘাঁটিতে গাড়ি রাখার স্থাপনা নির্মাণের জন্য শ্রমিকেরা মাটি খুঁড়তে গেলে গণকবরটির সন্ধান পাওয়া যায়। নব্বইয়ের দশকের শুরুর দিকে দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় ওই এলাকায় তুমুল লড়াই হয়।আফগান সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ নাহিম জানান, ওই জায়গা থেকে ১০-১৫টি নরকঙ্কাল পাওয়ার পর খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া এসব কঙ্কালের হাত পিছমোড়া করে রশি দিয়ে বাঁধা। ঘটনাটি ফরেনসিক বিভাগ ও মানবাধিকার সংগঠনগুলোকে তদন্ত করতে বলা হয়েছে।আফগান ইনডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশনের প্রধান সাইদ মোহাম্মদ জানান, কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সেখানে খননকাজ বন্ধ রেখেছে। সেখানে কীভাবে ওই লোকেরা নিহত হয়েছে, কমিশন তা তদন্ত করে দেখবে। সেনা কর্মকর্তাদের ধারণা, ওই গণকবরে নরকঙ্কালের সংখ্যা আরও বেশি হতে পারে।ওই গণকবরের অবস্থান কালা-ই-জঙ্গি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। এই এলাকায় শত শত বিদ্রোহীকে হত্যা করেছে তালেবান। রয়টার্স।