আফগান সেনাদের পানশিরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ
ন্যাটো বাহিনী গতকাল রোববার আফগানিস্তানের পানশির প্রদেশের নিরাপত্তার দায়িত্ব দেশটির সেনাদের কাছে হস্তান্তর করেছে। রাজধানী কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এ পানশির উপত্যকা দেশটির শান্তিপূর্ণ এলাকার একটি। এ এলাকায় প্রধানত তাজিক গোষ্ঠীর বাস। তাজিকেরা তালেবানবিরোধী। আশির দশকে সোভিয়েত ইউনিয়নের সেনারা অঞ্চলটি দখলে নিতে অন্তত দশবার অভিযান চালান। কিন্তু তাজিকদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। আফগান প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ারদাক বলেছেন, পানশিরের নিরাপত্তা হস্তান্তরের এ ঘটনার প্রতীকী তা ৎ পর্য অনেক বেশি। গত এক দশকে পানশিরের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় জনগণ নিয়েছেন। অন্য প্রদেশের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।মন্ত্রী আরও বলেন, নিজের ভূমি রক্ষা করার দায়িত্ব প্রত্যেক আফগানের। এ শিক্ষা পানশিরের জনগণের কাছ থেকে নিতে হবে। পানশির উপত্যকার নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। পানশিরের সিংহ বলে খ্যাত সোভিয়েত ও তালেবানবিরোধী লড়াইয়ের কমান্ডার আহমদ শাহ মাসুদ এ এলাকারই। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর আল-কায়েদা জঙ্গিদের আত্মঘাতী হামলায় তিনি নিহত হন। শিরে শাদা বরফ ধারণ করে দাঁড়িয়ে থাকা হিন্দু কুশ পর্বতমালা আর আঁকাবাঁকা খরস্রোতা নদীর কল কল বয়ে চলা পানশির উপত্যকা অতীতে পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল। আফগান ও মার্কিন কর্তৃপক্ষ আশা করছে, আবার পর্যটকদের ভিড় জমবে পানশিরে। ২০০১ সালে মার্কিন অভিযানের মধ্য দিয়ে আফগানিস্তানের তালেবান শাসকদের ক্ষমতাচ্যুত করা হয়। এএফপি।