আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের পদত্যাগ
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার ও গোয়েন্দা বিভাগের প্রধান আমরুল্লাহ সালেহ পদত্যাগ করেছেন। গত সপ্তাহে রাজধানী কাবুলে শান্তি সম্মেলন চলাকালে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নেন। রোববার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে এ কথা জানানো হয়। খবর এএফপির।গত সপ্তাহে কাবুলে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা ওই শান্তি সম্মেলন স্থলের কাছে রকেট হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। কারজাই এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির প্রধানের কাছে কৈফিয়ত চান। এর পরই ওই দুজন পদত্যাগপত্র দেন। কারজাই তা গ্রহণ করেছেন। গোয়েন্দা বিভাগের প্রধান সালেহ পরে এক সংবাদ সম্মেলনে বলেন, কারজাই তাঁর ব্যাখ্যা মেনে না নেওয়ায় নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করা মন্ত্রীরা দেশে ও কারজাইয়ের সরকারের সমর্থক পশ্চিমা মিত্রদের কাছে বেশ সমাদৃত ছিলেন। গত বুধবার কাবুলের একটি সুরক্ষিত স্থানে অনুষ্ঠিত ওই তাৎপর্যপূর্ণ সম্মেলনে প্রায় এক হাজার ৬০০ প্রতিনিধি যোগ দেন। এতে উপজাতীয়, গোষ্ঠীগত, রাজনৈতিক, ভৌগোলিক, ধর্মীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।