আফগানদের কণ্ঠে ফের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দেশে বছরের পর বছর সংগীত ছিল নিষিদ্ধ, সেই দেশেই আবার সুরের মূর্ছনা শোনা যাচ্ছে। হ্যাঁ, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কথাই বলা হচ্ছে। ঐতিহ্যবাহী গানের পাশাপাশি আধুনিক রোমাঞ্চকর গানের মিশেলে আবার জেগে উঠছে আহমদ জহির, আবদুল রহিমদের (ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় শিল্পী) দেশ আফগানিস্তান।তালেবানরা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে। ওই সময় তারা সব ধরনের সংগীতচর্চাকে পাপ বলে নিষিদ্ধ করেছিল। সময়ের পরিক্রমায় সেই তালেবানই এখন আবার দৃশ্যপটে। পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা। কিন্তু এবার আর তারা গানবাজনা থামিয়ে রাখতে পারছে না, বরং তারা নিজেরাই নিজস্ব ঢঙে আত্মঘাতী হামলাকারী ও তালেবান যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীতের চর্চা করছে।দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সংগীতচর্চার প্রাচীন ঐতিহ্য রয়েছে। যুদ্ধবিগ্রহ, বীরোচিত সেনানী আর মরুভূমিতে কঠিন জীবনের গল্পই ছিল সেসব সংগীতের বিষয়বস্তু। এ ছাড়া ভালোবাসার গল্পও ছিল। কিন্তু ঐতিহ্যবাহী এসব গানের সঙ্গে তালেবানের সংগীতচর্চার কোনো মিল নেই, রয়েছে বিস্তর ফারাক। যুদ্ধ আর আত্মঘাতী হামলায় উৎসাহিত করতেই তালেবানের গান, কবিতার চর্চা। ১৯৭০-এর দশকে ভালোবাসার গান গেয়ে দেশ-বিদেশ মাতিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবুদল রহিম সারবান। তাঁর একটি গান আজও আফগানদের কানে বাজে। সেটির কথা ছিল এমন—‘কাল রাতে চাঁদের মতো তোমার মুখখানি দেখেছি, তোমারি কালো কেশ ভেদ করে।’ অথচ তালেবানের গানে কোনো ভালোবাসার ছোঁয়া নেই, নেই রোমাঞ্চ। তারা শুধুই জেহাদে মানুষকে উৎসাহিত করে এমন গান রচনা করে। তালেবানের একটি গানের কথা এমন—‘যুবক নেমেছে ফিদায়ি (আত্মঘাতী) মিশনে। তাঁর হূদয়ে দেখ ধর্মের ডাক। ফেরেশতারা দেখছে তাঁকে। বেহেশতের বন্ধুরাও দেখছে তাঁকে।’তালেবানের এই গানের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি আজকের নতুন ধাঁচের পপ ও রক গানও। আধুনিক গানের কথা থেকে বাদ যায়নি যুদ্ধের প্রসঙ্গ।পশ্চিম কাবুলের একটি অ্যাপার্টমেন্টে একটি অস্থায়ী স্টুডিও করেছেন চার যুবক। তাঁরা গঠন করেছেন একটি ব্যান্ডদল। তাঁদের দাবি, এটাই আফগানিস্তানের প্রথম রক ব্যান্ড। ব্যান্ড দলটির অন্যতম সদস্য হাসানজাদা বলেন, ‘আমাদের জীবনের অংশ হয়ে গেছে সংগীত।’ তিনি বলেন, তাঁদের গান ভালোবাসা নিয়ে নয়, আবার তালেবানকে ঘৃণা করেও নয়। আফগানিস্তানের চলমান বাস্তবতাই হচ্ছে তাঁদের গানের বিষয়বস্তু। বিদ্রোহ, দুর্নীতি, মাদক পাচার ও প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়গুলো উঠে এসেছে তাঁদের গানে। এএফপি।