আফগানিস্তান ও পাকিস্তানে তুষারধসে শতাধিক প্রাণহানি
প্রচণ্ড শীত, তুষারপাত ও তুষারধসে আফগানিস্তান ও পাকিস্তানে গত কয়েক দিনে শতাধিক ব্যক্তির প্রাণহানি হয়েছে। আহত ও অসুস্থ হয়ে পড়েছে আরও বহু মানুষ। আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিকাংশ এলাকা তুষারের পুরু চাদরে ঢাকা পড়েছে। সরকারি অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানপাটও বন্ধ থাকায় জীবনযাত্রা থমকে গেছে।
আফগানিস্তানের কর্মকর্তারা গতকাল রোববার জানান, তুধারধসে প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়েছে গেছে। দুটি গ্রাম পুরো চাপা পড়েছে তুষারের নিচে। এর মধ্যে শুধু এক গ্রামেরই মারা গেছেন অন্তত ৫৩ জন।
পাকিস্তানে তুষারধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে একটি গ্রাম প্রায় পুরো বিধ্বস্ত হয়ে পড়েছে। হতাহতের পাশাপাশি কয়েকজন আটকাও পড়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখসান প্রদেশে দুদিন ধরে ভারী তুষারপাত ও তুষারধস হচ্ছে। এতে কমপক্ষে ১৯ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাভিদ ফ্রোতান বলেন, প্রদেশের ১২টি জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে উদ্ধার অভিযানে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে।
গজনী প্রদেশের কর্মকর্তারা বলেন, তুষারঝড়ে কাবুল-কান্দাহার মহাসড়ক পুরো বন্ধ হয়ে গেছে। সেখানে প্রায় ছয় ফুট পুরু বরফের আস্তর পড়েছে। বহু যানবাহন আটকা পড়েছে। সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। গতকাল পর্যন্ত আড়াই শ যানবাহন উদ্ধার করা হয়েছে। আটকে পড়া লোকজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাড়ি এবং সেনা ও পুলিশের তল্লাশিচৌকিতে নেওয়া হয়েছে।
শনিবার রাতে উত্তর পাকিস্তানের চিত্রাল জেলায় তুষারধসে একটি গ্রাম প্রায় পুরো বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, রাত তিনটার দিকে শেরশাল নামের ওই গ্রামে তুষারধসের ঘটনা ঘটে। এতে বহু বাড়ি বিধ্বস্ত হয়। মারা গেছে কমপক্ষে ১৪ জন। তুষারের নিচে আটকা পড়েছিল ১৫ জন গ্রামবাসী।
সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকিতে তুষারধসের ঘটনায় এক সদস্য নিহত হয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজন বলেছেন, দুদিনের তুষারপাতে প্রায় সাড়ে চার ফুট বরফের আস্তরে ঢাকা পড়েছে পুরো এলাকা। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করেও পারছে না।