আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে ন্যাটো বাহিনী: তালেবান
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযান ১১ পেরিয়ে ১২ বছরে পড়েছে গতকাল রোববার। দেশটিতে যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ যুদ্ধের পরও তালেবান তার শক্তিতে অটুট। মার্কিন অভিযান শুরুর ১১ বছর পূর্তিতে তালেবান গতকাল রোববার এক বিবৃতিতে ‘বিদ্রুপপূর্ণ’ ভাষায় বলেছে, ন্যাটো বাহিনী অপমান ও অসম্মানজনকভাবে আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে।২০০১ সালের ৭ অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রে ১/১১ হামলার পর আফগানিস্তান আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিলে মার্কিন নেতৃত্বে ন্যাটো বাহিনী কাবুলের তালেবান সরকার উৎখাতে এ অভিযান শুরু করে। অভিযানে দ্রুত দেশটিতে তালেবান ক্ষমতা হারালেও আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকাই এখন তাদের নিয়ন্ত্রণে। তালেবান হামলায় বিদেশি সেনার প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে ন্যাটোর ৫০টি সদস্য দেশের প্রায় এক লাখ ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। ২০১৪ সালের মধ্যে এই সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কথা। পশ্চিমা কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা মনে করেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করা হলে দেশটির রাজধানী কাবুল ও অন্য শহরগুলোর কর্তৃত্ব সরকারি বাহিনীর হাতেই থাকবে। তবে পূর্বাঞ্চল বরাবরের মতোই গোলযোগপূর্ণ রয়ে যাবে। অবশ্য দক্ষিণাঞ্চলে কিছুটা পরিবর্তন আসতে পারে। সব মিলে দেশটির অনেক এলাকা পুনরায় তালেবানের নিয়ন্ত্রণে চলে যেতে হতে পারে। এএফপি।