নির্বিচারে গুলি চালিয়ে ১৬ জন বেসামরিক আফগানকে হত্যার ঘটনায় দায়ী মার্কিন সেনাকে গত বুধবার রাতে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁকে কুয়েতের একটি সামরিক কারাগারে স্থানান্তর করা হয়। আফগানিস্তানের অভ্যন্তরে বিচারের মুখোমুখি করার জন্য দেশটির ক্ষুব্ধ পার্লামেন্ট সদস্য ও জনগণের দাবির মধ্যেই অভিযুক্ত সেনাকে এভাবে স্থানান্তর করা হলো।এদিকে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টাকে বহনকারী একটি বিমান আফগানিস্তানের এক সামরিক ঘাঁটিতে অবতরণের সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে। একজন আফগান একটি পিকআপ নিয়ে ওই সময় রানওয়েতে হামলা চালান। এতে হামলাকারী ব্যক্তি মারা গেলেও প্যানেট্টা ও তাঁর সঙ্গীরা অক্ষত রয়েছেন। এ ঘটনার পরপরই প্যানেট্টা দেশে ফিরে যান। পেন্টাগন এ কথা জানিয়েছে।গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগের কথা ঘোষণা করা হয় বুধবার গভীর রাতে। পরে এ বিষয়ে মন্তব্য করার জন্য আফগান সরকারি কর্মকর্তাদের কাছে দাবি জানানো হলে তাঁরা তাতে রাজি হননি। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন সেনাকে এভাবে সরিয়ে নেওয়ার অর্থ এই নয় যে আফগানিস্তানে তাঁর বিচারের সম্ভাবনা আর নেই।আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর দ্বিতীয় জ্যেষ্ঠতম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কার্টিস স্ক্যাপারোত্তি স্থানান্তরের বিষয়টিতে আত্মপক্ষ সমর্থন করে বলেন, এটি হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করায় সহায়তা করবে। ন্যাটো বাহিনীর পক্ষ থেকে সন্দেহভাজন ওই সেনার নতুন অবস্থানস্থল সম্পর্কে কিছু না জানানো হলেও নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, তাঁকে বুধবার কুয়েতে নিয়ে যাওয়া হয়েছে।আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এই পদক্ষেপের প্রভাব কী হতে পারে, সে প্রসঙ্গে জানতে চাইলে জেনারেল কার্টিস স্ক্যাপারোত্তি বলেন, ‘ওই সেনাকে সরিয়ে নেওয়ার বিষয়ে আফগান কর্মকর্তাদের আমরা অবগত করেছি। এতে তাঁদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি তা হলো, তাঁরা গোটা বিষয়টি বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন। প্রচলিত শিষ্টাচারবিধি মেনেই তাঁকে আমরা সরিয়ে নিয়েছি, যা আমরা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করে থাকি।’বিশ্লেষকেরা বলেন, গত রোববার কান্দাহার প্রদেশের ওই হত্যাকাণ্ড আফগানিস্তান বিষয়ে পশ্চিমাদের কৌশলকে প্রশ্নবিদ্ধ করেছে। পাশাপাশি জোরালো করেছে দেশটি থেকে বহুজাতিক বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বানকে। ২০১৪ সালের শেষ নাগাদ এই বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার কথা।এলোপাতাড়ি গুলিবর্ষণে হতাহতের শিকার নিরীহ ব্যক্তিদের স্বজনসহ সাধারণ জনগণ ও আফগান পার্লামেন্টের সদস্যরা আফগানিস্তানের আইনে দেশটির অভ্যন্তরেই দায়ী আমেরিকান সেনার বিচারের দাবি জানিয়ে আসছেন। যদিও প্রেসিডেন্ট হামিদ কারজাই কেবল উন্মুক্ত বিচার প্রক্রিয়ার দাবি জানান। কান্দাহার থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য শেকিবা হাশিমি আমেরিকান ওই সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি আমাদের দাবির পরিপন্থী। এ দেশের ভেতরে যদি তাঁর বিচার না করা হয়, তবে আমেরিকানদের বিরুদ্ধে আফগান জনগণ আবারও উঠে দাঁড়াবে।’ হাশিমি গত মাসে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশজুড়ে শুরু হওয়া ভয়াবহ সহিংসতার কথাও স্মরণ করিয়ে দেন। রয়টার্স, পিটিআই।