আফগানিস্তান থেকে আগামী মাসে ফরাসি সেনা প্রত্যাহার শুরু
ফ্রান্স আগামী মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং চলতি বছরের শেষ নাগাদ সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া শেষ করবে। গত শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘোষণা দিয়েছেন। গত শনিবার আফগানিস্তানে এক আত্মঘাতী হামলায় চার ফরাসি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই ফরাসি প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন। পাশাপাশি তিনি এক বার্তায় বলেছেন, নিহত সেনাদের জাতীয় সম্মাননা দেওয়া হবে।চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তানে আত্মঘাতী হামলায় আরও চার ফরাসি সেনা নিহত হন। ওই ঘটনার পর তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ২০১৩ সালের শেষ নাগাদ সে দেশ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব ফরাসি সেনা প্রত্যাহারের ঘোষণা দেন নতুন প্রেসিডেন্ট ওলাঁদ। আফগানিস্তান থেকে ফরাসি সেনা প্রত্যাহার করা হলেও ন্যাটো বাহিনী সেখানে আরও দুই বছর অবস্থান করবে।বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রায় এক লাখ ৩০ হাজারের মতো সেনা অবস্থান করছেন। এর মধ্যে তিন হাজার ৩০০ জন ফরাসি সেনা রয়েছেন। ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ৮৭ জন ফরাসি সেনা নিহত হয়েছেন। বিবিসি।