আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ‘অপরিবর্তনীয়’ রোডম্যাপ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ‘অপরিবর্তনীয়’ রোডম্যাপ ঘোষণা করেছে ন্যাটো। বলা হয়েছে, ‘ক্রমান্বয়ে’ এবং ‘দায়িত্বশীলতার সঙ্গে’ ২০১৪ সালের শেষ নাগাদ দেশটি থেকে প্রায় সব ন্যাটো সেনা প্রত্যাহার করা হবে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ন্যাটো সম্মেলন শেষে গত সোমবার এক ইশতেহারে এ ঘোষণা দেওয়া হয়।শিকাগোতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ওই সম্মেলনে আগামী বছরের মাঝামাঝি আফগানিস্তানের নিজস্ব বাহিনীর হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের প্রকৃত কৌশল অনুমোদন করা হয়। তবে যৌথ বাহিনী বিদায় নেওয়ার পর দেশটিতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও তালেবান যোদ্ধাদের হুমকি কীভাবে মোকাবিলা করা হবে, সে সব প্রশ্নের উত্তর মেলেনি। ২৮ জাতির সামরিক জোট ন্যাটোর ওই সম্মেলনের বিদায়ী সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমরা এখন একটি পরিকল্পনার পেছনে ঐক্যবদ্ধ হয়েছি। তা হলো: দায়িত্বশীলতার সঙ্গে আফগানযুদ্ধ শেষ করা।’ আফগানিস্তানে তালেবান এখনো বড় হুমকি এবং ন্যাটোর সফলতা সেখানে ভঙ্গুর অবস্থায় রয়েছে স্বীকার করে ওবামা বলেন, ‘সেখানে কি ঝুঁকি রয়েছে? সত্যিকার অর্থেই রয়েছে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, এই সার্বিক কৌশলটি ভালো। কেননা, এখানে সেনা প্রত্যাহারের বিষয়ে কিছু স্পষ্ট নির্দেশনা রয়েছে।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জের ধরে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার উৎখাতে অভিযান চালায় ন্যাটো বাহিনী। প্রায় ১১ বছর ধরে সেখানে তালেবানবিরোধী ব্যর্থ সামরিক মিশন চলার পর শিকাগোর ওই সম্মেলনে ন্যাটো নেতাদের মধ্যে সংহতি দেখা গেলেও তাঁদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। বিশেষ করে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সম্মেলনে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তিন হাজার ৪০০ ফরাসি সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এটা ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি। অন্য নেতারা এভাবে তড়িঘড়ি শুরু না করলেও তাঁরা নিজ দেশে এ ব্যাপারে চাপের মধ্যে পড়তে পারেন।এবারের ন্যাটো সম্মেলনে যে ইশতেহার চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে ২০১৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সব ধরনের নিরাপত্তা মিশনের ভার আফগান সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া, আর ২০১৪ সালের শেষ নাগাদ এক লাখ ৩০ হাজার ন্যাটো সেনার প্রায় সবই প্রত্যাহার করে নেওয়া। ওই ইশতেহারে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তার ভার দেশটির নিজস্ব বাহিনীর হাতে তুলে দেওয়ার মাধ্যমে ন্যাটোর ভূমিকা প্রশিক্ষণ ও উপদেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সম্মেলনে ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা সেনা কর্মকর্তাদের ২০১৪ সাল-পরবর্তী মিশন নিয়ে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন। এই পরিকল্পনার বিষয়গুলোর মধ্যে রয়েছে আফগানিস্তানের নিজস্ব নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, উপদেশ ও সহায়তা প্রদান, যাতে করে তারা দেশটির তালোবান যোদ্ধাদের মোকাবিলায় সরকারের সামর্থ্যকে নিশ্চিত করতে পারে। এর পরও আফগান বাহিনী তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কি না এবং অনিয়ন্ত্রিত দুর্নীতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়া প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেবে, তা নিয়ে সংশয় রয়েই গেছে। তবে ওবামা সম্মেলনে ঘোষণা দেন, আফগানিস্তান তার চলার পথে একা হয়ে পড়বে না। আর হামিদ কারজাই বলেন, আফগানিস্তান সামনের দিকে এগিয়ে গেছে। তাঁর দেশ নিজেই নিজেকে রক্ষা করবে। আফগান জনগণ দেশকে আর পেছনের দিকে যেতে দেবে না। রয়টার্স ও দ্য টেলিগ্রাফ।