আফগানিস্তান থেকে ২০১৩ সালে সেনা সরিয়ে নেবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া এ বছরই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে শুরু করবে এবং ২০১৩ সালের শেষ নাগাদ তারা বেশির ভাগ সেনা সরিয়ে নেবে। গত ১৮ মাসে সে দেশে নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এ কথা বলেন। ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র অস্ট্রেলিয়া এর আগে বারবার বলেছে, ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানে সেনা রাখবে তারা। কিন্তু গতকাল গিলার্ডের এ ঘোষণায় আগের সিদ্ধান্তের ব্যত্যয় ঘটেছে। গত রোববার কাবুলে তালেবান জঙ্গিদের বড় ধরনের হামলার পর অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়া আফগান সেনারা জঙ্গিদের মোকাবিলায় কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আফগানরা আগেভাগেই তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত। আফগানিস্তান থেকে নিজ নিজ সেনা প্রত্যাহারে ন্যাটো দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের এক দিন আগে জুলিয়া গিলার্ড সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই বৈঠক হবে।জুলিয়া গিলার্ড জানান, আগামী মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষ সম্মেলনে তিনি আফগানিস্তান থেকে তাঁর এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি জানাবেন।এর আগে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে নিজ নিজ সেনা প্রত্যাহারে একমত হয়েছিল। আফগানিস্তানে প্রায় এক হাজার ৫৫০ জন অস্ট্রেলীয় সেনা মোতায়েন রয়েছে। সে দেশে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩২ জন অস্ট্রেলীয় সেনা নিহত হয়েছে। এএফপি, রয়টার্স।