নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র আফগানিস্তান। থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপের ফলে এই তথ্য উঠে এসেছে। জেন্ডার বিশেষজ্ঞদের ওপর এই জরিপ চালানো হয়। ফাউন্ডেশন জানায়, উচ্চমাত্রার সহিংসতা, দুর্বল স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য আফগানিস্তানকে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করেছে। গতকাল বুধবার এই ফল প্রকাশ করা হয়।বেশিমাত্রায় সহিংসতা, নিম্নমানের স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য দেশটিকে নারীদের জন্য বিপজ্জনক স্থানে পরিণত করেছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।থমসন রয়টার্স ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী, নারীদের জন্য দ্বিতীয় বিপজ্জনক রাষ্ট্র গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গো। ব্যাপক ধর্ষণের ঘটনা দেশটিকে নারীদের জন্য বিপজ্জনক করে তুলেছে বলে জরিপে বলা হয়েছে। আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথের তথ্য অনুযায়ী , কঙ্গোয় প্রতিদিন প্রায় ১ হাজার ১৫০ জন নারী ধর্ষণের শিকার হয়। জরিপে নারীদের জন্য বিশ্বের বিপজ্জনক রাষ্ট্রের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। যৌতুকের জন্য খুন, বাল্যবিবাহ ও তথাকথিত পরিবারের সম্মান রক্ষার জন্য হত্যার কারণে পাকিস্তান এই অবস্থানে এসেছে। পাকিস্তানের পরই চতুর্থ স্থানে রয়েছে ভারত। সোমালিয়া রয়েছে পঞ্চম স্থানে। মেয়ে ভ্রুণ হত্যা, বাল্য বিবাহ ও নারী পাচার ভারতকে বিপজ্জনক রাষ্ট্রের তালিকার চতুর্থ স্থানে নিয়ে এসেছে।থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মনিক ভিলা বলেন, জরিপে দেখা গেছে, শিক্ষার অভাব, দুর্বল স্বাস্থ্যসেবা এবং এ জাতীয় ‘লুকিয়ে থাকা’ বিষয়গুলো ধর্ষণ ও খুনের মতো শারীরিক নির্যাতনের চেয়ে গুরুতর বিষয় নয়।জরিপের ফল দেখে বিস্ময় প্রকাশ করে সোমালিয়ার নারীবিষয়ক মন্ত্রী মারিয়ান কাশিম বলেন, ‘আমি মনে করেছিলাম নারীদের জন্য বিপজ্জনক রাষ্ট্রের তালিকা এক নম্বরে থাকবে সোমালিয়া। আমি বিস্মিত যে সোমালিয়া এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে।’ তিনি বলেন, সোমালিয়ায় একজন নারী গর্ভধারণ করলে তাঁর বাঁচা-মরার সম্ভাবনা হয়ে যায় শতকরা ৫০-৫০। এখানে অন্তঃসত্ত্বা নারীদের জন্য নেই কোনো ক্লিনিক, হাসপাতাল বা স্বাস্থ্যসেবার সুযোগ। মারিয়ান কাশিম সোমালিয়াকে নারীদের জন্য ‘জাহান্নাম’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করা হয়, নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র কোনটি? আমার নিশ্চিত উত্তর হবে সোমালিয়া।’ওয়াশিংটনের ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এলিজাবেথ রোয়েস বলেন, এই জরিপে নারীরা যেসব সমস্যার মুখোমুখি হয়, তার সবই তুলে ধরা হয়েছে বলে আমি মনে করি। থমসন রয়টার্স ফাউন্ডেশনের সংবাদ সেবা ট্রাস্ট ল এই জরিপ চালায়। জরিপে পাঁচটি মহাদেশের ২১৩ জন জেন্ডার বিশেষজ্ঞকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জরিপে নারীদের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়। ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে—স্বাস্থ্যসেবা না পাওয়া, যৌন সহিংসতা, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈষম্য, সম্পদে মালিকানা এবং পাচারের ঝুঁকি। বিবিসি, রয়টার্স।