আফগানিস্তান নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক বেইজিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে নিজ নিজ অবস্থান সমন্বিত করতে আলোচনা করেছে চীন, রাশিয়া ও পাকিস্তান। তারা বলেছে, আফগানিস্তানের পুনর্গঠনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) যে ভূমিকা রাখবে, তাতে সমর্থন থাকবে বেইজিং, মস্কো ও ইসলামাবাদের। গত বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে তিন দেশের কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সম্প্রতি মস্কোতেও একই ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চীন ও রাশিয়ার পাশাপাশি ভারতও অংশ নেয়। ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। ন্যাটো বাহিনীর প্রত্যাহার-পরবর্তী আফগানিস্তানের নিরাপত্তা ও অন্যান্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশের কর্মকর্তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সহযোগিতা বাড়ানোর’ লক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানে ‘শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা’ করবে। ২০১৪ সালের পর আফগানরা নিজেরা যে পুনর্গঠন-প্রক্রিয়া চালাবে, তাতে সমর্থন থাকবে বেইজিংয়ের। ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে বড় ধরনের ভূমিকা রাখবে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন এসসিও। সংগঠনটির পর্যবেক্ষক রাষ্ট্রের ভূমিকায় রয়েছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। এ ছাড়া কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানও পর্যবেক্ষক রাষ্ট্রের ভূমিকা পালন করছে। আফগানিস্তান ইস্যুতে ভারতের সঙ্গে একটা দ্বিপক্ষীয় চুক্তিতে পৌঁছাতে আগ্রহী চীন। বেইজিং সম্প্রতি নয়াদিল্লিকে এ-সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে। এ ছাড়া ভারত, চীন ও রাশিয়ার মধ্যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন ইতিমধ্যে আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়ন ও খনিজ সম্পদ আহরণ প্রকল্পে বিনিয়োগ কমিয়ে দিয়েছে। এর পরও গত বছর ৩০০ আফগান পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার একটি চুক্তিতে সই করেছে তারা। অনেকে এ চুক্তিকে আফগানিস্তানের ব্যাপারে চীনের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত হিসেবে দেখছেন। খনিজ সম্পদে ভরপুর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এ কারণে বিদেশি অনেক রাষ্ট্রেরই দেশটির প্রতি আলাদা নজর রয়েছে। ন্যাটো বিমান হামলায় নিহত ৬: আফগানিস্তানে গতকাল ন্যাটো বিমান হামলায় চার পুলিশসহ ছয়জন নিহত হয়েছে।মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট বলেছে, তারা ঘটনাটির তদন্ত করছে।গতকাল ভোররাতে তালেবান জঙ্গিরা গজনি প্রদেশের একটি পুলিশ চৌকিতে হামলা চালানোর পর পুলিশের আক্রান্ত কর্মকর্তারা ন্যাটো বিমানকে সহায়তার জন্য আহ্বান জানালে এ ঘটনা ঘটে।গজনির দেহ্ ইয়াক জেলার প্রধান ফজল আহমেদ তোলওয়াক এএফপিকে বলেন, পুলিশকে সহায়তার জন্যই ন্যাটোর বিমানগুলো সেখানে গিয়েছিল। কিন্তু চৌকিতে বোমা হামলা চালানো হয় এবং এতে পুলিশের চার সদস্য নিহত হন। এ সময় সেখানে উপস্থিত দুই বেসামরিক ব্যক্তিও প্রাণ হারান। গজনির প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র ফজল সাবাউন এই ঘটনা ও নিহত ব্যক্তিদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এএফপি ও দ্য হিন্দু।