আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারি চুক্তির প্রাথমিক খসড়ায় স্বাক্ষর করেছেন। ২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক সেনা প্রত্যাহারের পর কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের কাঠামো কেমন হবে, তা নির্ধারণই এ চুক্তির মূল বিষয়। আফগান প্রেসিডেন্ট কার্যালয় থেকে রোববার জারি করা এক বিবৃতিতে এ খবর জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারি নিয়ে রোববার কাবুলে খসড়া চুক্তি চূড়ান্ত ও প্রাথমিকভাবে তাতে সই হয়েছে। দুই দেশের মধ্যস্থতাকারী প্রতিনিধিদলের প্রধানেরা এতে সই করেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘চুক্তিটি এখন উভয় দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে।’ দুই দেশের প্রেসিডেন্ট ছাড়াও মার্কিন কংগ্রেস ও আফগান পার্লামেন্টের পর্যালোচনার পর এটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। গতকালই (সোমবার) আফগানিস্তানের পার্লামেন্টে এ বিষয়ে আইনপ্রণেতাদের উদ্দেশে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাখার কথা। খসড়া চুক্তির বিষয় নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ২০১৪ সালের পর আরও এক দশকের জন্য আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত থাকার বিষয়টি খসড়ায় নিশ্চিত করা হয়েছে। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র গ্যাভিন সানডওয়াল বলেন, ‘আমাদের লক্ষ্য আফগানিস্তানের সঙ্গে একটি স্থায়ী অংশীদারির সম্পর্ক প্রতিষ্ঠা করা, যা দেশটির সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে আরও শক্তিশালী করবে এবং আল-কায়েদা ও এর সহযোগী সংগঠনের জঙ্গিদের নির্মূলে আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।’ বিশ্লেষকেরা জানান, আফগানিস্তানে বছরের পর বছর অবস্থানের পর সেখান থেকে সরে যাওয়ার মার্কিন কৌশলের মূলে থাকছে এই চুক্তি। কেননা, আফগানিস্তান থেকে বহুজাতিক সেনা প্রত্যাহারের পরও সেখানে মার্কিন বাহিনীর সদস্যদের থেকে যাওয়া এবং দেশটির উন্নয়ন ও সে দেশের নিরাপত্তা বাহিনীকে আর্থিক সহায়তাদানের বিষয়ে চুক্তিটিতে দিকনির্দেশনা থাকবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের পক্ষেও এই চুক্তি দেখিয়ে জনগণকে বোঝানো সম্ভব হবে, মার্কিন মিত্ররা তাদের একেবারে ফেলে রেখে যাচ্ছে না। আফগানিস্তানে গত কয়েক মাসের ভয়াবহ অস্থিরতার পর এই চুক্তিকে কোনো কোনো বিশ্লেষক উভয় দেশের জন্য একটি অর্জন ও স্বস্তির কারণ হিসেবেও দেখছেন। ওই টানা অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি আফগান সরকার ও তার বিদেশি মিত্রদের ভূমিকাকে এক বিপজ্জনক প্রশ্নের মুখোমুখি ফেলে দেয় আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা র্যানগিন দাদফার কারজাইয়ের কার্যালয় থেকে জারি করা ওই বিবৃতিতে বলেন, ‘রোববার চূড়ান্ত হওয়া এই খসড়া আফগানিস্তান, এ অঞ্চল ও গোটা বিশ্বের নিরাপত্তা প্রতিষ্ঠায় শক্ত ভিত হিসেবে কাজ করবে। এপি ও এএফপি।