মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যেসব সন্ত্রাসী যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সুযোগ খুঁজছে, তাদের জন্য আফগানিস্তান আর কখনো নিরাপদ আশ্রয় হবে না। গত শুক্রবার আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। গত শুক্রবার আফগানিস্তানে ঝটিকা সফর করেন ওবামা। সাড়ে তিন ঘণ্টা সফরে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। ওই ঘাঁটিতে সাড়ে তিন হাজারের বেশি মার্কিন সেনার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ওবামা বলেন, এই যুদ্ধে তাঁদের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘যে দায়িত্ব আপনারা পালন করছেন, এতে সফল হবেন। আমরা বলেছিলাম, তালেবানের গতি আমরা রোধ করব, আপনারা সে কাজটিই করছেন।’ রণাঙ্গনে নিয়োজিত মার্কিন সেনাদের আক্রমণাত্মক ভূমিকার প্রশংসা করেন তিনি।ওবামা বলেন, ‘তালেবানের উত্থান ঠেকাতে আমরা সক্ষম হয়েছি।’ আগামী দিনগুলোতে আফগানিস্তানে মার্কিন বাহিনী আরও বেশি আক্রমণাত্মক থাকবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘এটি যে একটি কঠিন লড়াই, আপনাদের সে কথা বলার প্রয়োজন দেখি না।’ কোনো পূর্বঘোষণা ছাড়া বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ছাড়েন ওবামা। বাছাই করা কিছু সংবাদকর্মী, কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা দল নিয়ে বিশেষ বিমানটি ওয়াশিংটন ছাড়ে। আফগানিস্তানে অবতরণের আগ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামার সফরসূচি গোপন রাখা হয়। কোনো মার্কিন মিডিয়াও প্রেসিডেন্টের এ সফর নিয়ে সংবাদ পরিবেশন করতে পারেনি। ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় দফা আফগানিস্তান সফর করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজধানী কাবুল থেকে ৩৫ মাইল দূরে বাগরাম বিমান ঘাঁটিতে তিনি প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। সড়ক পথে এক ঘণ্টার দূরত্বে থাকলেও প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দেখা হয়নি। আবহাওয়া বৈরী থাকায় দুই নেতার মধ্যে ভিডিও কনফারেন্সও হয়নি। তবে ওবামা ও কারজাই টেলিফোনে ১৫ মিনিট কথা বলেন।সফরকালে আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর প্রধান মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস ওবামার সঙ্গে কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত কার আইকেনবেরিও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। ওবামা সেখানে আহত সেনাদের দেখতে যান এবং তাঁদের মধ্যে পাঁচজনকে সামরিক পুরস্কার ‘পার্পল হার্টস’ প্রদান করেন। সম্প্রতি উইকিলিকসের প্রকাশ করা মার্কিন গোপন কূটনৈতিক দলিল নিয়ে দুই দেশের মধ্যে সংশয় দেখা দিয়েছে। নয় বছরেরও বেশি সময় ধরে মার্কিন দখলে থাকা আফগানিস্তান নিয়ে ওয়াশিংটন এখন উৎকণ্ঠায় রয়েছে।এক বছর আগে বাড়তি সেনাদল পাঠিয়ে তালেবান দমনে আক্রমণাত্মক কৌশল নেন প্রেসিডেন্ট ওবামা। মার্কিন সমর্থনপুষ্ট কারজাই ক্ষমতায় থাকলেও দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় আগামী বছরের মধ্যভাগ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগাম ঘোষণা দিয়েছেন ওবামা। তবে রণাঙ্গন পরিস্থিতি এখনো সেনা প্রত্যাহারের জন্য অনুকূল নয় বলে মনে করেন মার্কিন সমরবিশেষজ্ঞরা। বাগরাম ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে ওবামা আবারও বলেন, তালেবান নির্মূলে সামনের দিনগুলো আরও কঠিন হবে। মার্কিন সেনাদের আক্রমণাত্মক ভূমিকার কারণে তালেবান জঙ্গিরা এখন আর চাঙ্গা অবস্থায় নেই। আফগান ভূখণ্ডের অধিকাংশ এলাকা তালেবান জঙ্গিদের কবলে নেই বলে ওবামা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন।