পাকিস্তানের জঙ্গি বিমানগুলো গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে৷ পাকিস্তানের সেনা অভিযানের মুখে জঙ্গিরা যাতে আফগানিস্তানে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ খবর এএফপির৷
পাকিস্তানের আফগািনস্তান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকাগুলো জঙ্গিদের ঘাঁটি৷ সম্প্রতি করাচি শহরের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবানের রক্তাক্ত হামলার পর জঙ্গিদের দমনে ওই এলাকায় সেনাবাহিনী ও ট্যাংক মোতায়েন করে পাকিস্তান সরকার৷
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানায়, গতকাল সকালে আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মির আলী শহরে তালেবানের ঘাঁটিতে নতুন করে বিমান হামলায় সন্দেহভাজন আরও ১৩ জঙ্গি নিহত হয়েছে৷ এ নিয়ে গত তিন দিনের জঙ্গিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯০৷ অন্যদিকে আট সেনাসদস্যের প্রাণহানি ঘটেছে৷
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আলম জানান, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সোমবার রাতে ফোন করে জঙ্গিদের আফগানিস্তানে চলে যাওয়া বন্ধ করতে দেশটির প্রেসিডেন্ট কারজাইকে অনুরোধ করেছেন৷
মুখপাত্র তাসনিম বলেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত (সোমবার) রাতে হামিদ কারজাইকে ফোন করেন৷ এ সময় তিনি সামরিক অভিযানের সময় জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে আফগানিস্তানে পালিয়ে যেতে না পারে, সেজন্য আফগান সীমান্ত বন্ধ করে দিতে অনুরোধ করেন৷’
এর আগে সামরিক সুত্রের মাধ্যমেও একই বার্তা পাঠানো হয়েছিল বলেও জানান ওই মুখপাত্র৷ তবে নওয়াজ শরিফের অনুরোধের জবাবে কারজাই কী বলেছেন, তা তিনি অবগত নন বলে জানান তিনি৷