আফগানিস্তানে অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পার্লামেন্টে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রশ্নে নতুন কিছু নীতিগত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এর মধ্যে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে অস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে।পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এসব নীতিগত বিষয় সুপারিশ আকারে পার্লামেন্টে উত্থাপন করে। এর মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের আহ্বান জানানোর বিষয়টি রয়েছে। গত নভেম্বরে পাকিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হন। এর জের ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পার্লামেন্টে প্রায় সব দলের নেতারা বলেন, কোনো বিদেশি সেনাকে পাকিস্তানে ঢোকার অনুমতি দেওয়া হবে না। অন্য দেশে হামলার জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পার্লামেন্টের উদ্দেশে বলেন, সরকার যত দ্রুত সম্ভব এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, পাকিস্তানের পার্লামেন্টের আলোচনাকে তাঁরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিগত সম্পর্কের এসব বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই বিবৃতিতে নভেম্বরে চালানো বিমান হামলায় নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানো হয়। তবে যুক্তরাষ্ট্র এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা চায়নি। ন্যাটো এ ঘটনাকে অপ্রত্যাশিত ও দুঃখজনক হিসেবে অভিহিত করেছে। এএফপি।