আফগানিস্তানে আকস্মিক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আকস্মিক সফরে গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানে গেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটা তাঁর প্রথম আফগানিস্তান সফর। নিরাপত্তার কারণে তাঁর এ সফরের ব্যাপারে আগে থেকে কিছু জানানো হয়নি। আফগানিস্তান পৌঁছে তিনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তবে সেখানে আরও ব্রিটিশ সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দেন তিনি। ডেভিড ক্যামেরন কাবুলে কঠোর নিরাপত্তার মধ্যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্যামেরন বলেন, ব্রিটেনের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য আফগানিস্তান তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। পরে দুই নেতা এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় ক্যামেরন বলেন, আফগানিস্তানে আরও সেনা পাঠানোর কোনো ইচ্ছা ব্রিটেনের নেই। কেউ চায় না, প্রয়োজনের চেয়ে বেশি সময় তাঁর দেশের সেনারা আফগানিস্তানে অবস্থান করুক।ক্যামেরন আফগানিস্তানে বোমা হামলা মোকাবিলা করতে ব্রিটিশ সেনাদের জন্য অতিরিক্ত নয় কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ দেওয়ারও ঘোষণা দেন। এএফপি, রয়টার্স।