আফগানিস্তানে আজ নির্বাচন, জাল ভোট, সহিংসতার শঙ্কা
আফগানিস্তানে আজ শনিবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ব্যাপক জাল ভোট পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তালেবান বিদ্রোহীরা ভোট বয়কট করে হামলার হুমকি দেওয়ায় ব্যাপক সহিংসতারও আশঙ্কা রয়েছে। নির্বাচনের আগের দিন গতকাল শুক্রবার তারা একজন প্রার্থী ও আটজন নির্বাচন কর্মকর্তাসহ ১৯ জনকে অপহরণ করেছে।২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানের পতনের পর আফগানিস্তানে এটা দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্টের নিম্নকক্ষের ২৪৯ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আড়াই হাজারের বেশি প্রার্থী। প্রায় ৫০ লাখ ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। খোলা হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি ভোটকেন্দ্র। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে প্রায় দুই লাখ ৮০ হাজার পুলিশ। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি সামলাতে সহযোগিতা করবে দেশটিতে মোতায়েন বিদেশি সেনারা।এবার নির্বাচনে ব্যাপক জাল ভোট পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা দেশে অসংখ্য জাল ভোটার কার্ড ছড়িয়ে পড়েছে। এমনকি অর্থের বিনিময়েও এসব পরিচয়পত্র পাওয়া যাচ্ছে।জালালাবাদ শহর থেকে আল-জাজিরার এক সাংবাদিক জানান, ৩০০ পাকিস্তানি রুপিতে জাল ভোটার কার্ড বিক্রি হচ্ছে। জাল কার্ড বিক্রির সঙ্গে জড়িত এক এজেন্ট জানান, গত তিন মাসে এ ধরনের প্রায় ১৫ লাখ কার্ড তাঁরা বিক্রি করেছেন। আশাঙ্কা করা হচ্ছে, এসব জাল কার্ডের ভোট নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে।জাল ভোটার কার্ড নিয়ে উদ্বিগ্ন জালালাবাদের স্থানীয় সাংসদ ও নানগরহার প্রদেশের প্রার্থী ফারুক মিল্লানাই। নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা গণতন্ত্র নয়, কোথায় গণতন্ত্র?’তবে জাল ভোটার কার্ডের ছড়াছড়ি সত্ত্বেও নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানের পক্ষে প্রধান বিরোধী নেতা আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি বলেন, ‘নির্বাচনে অনেক ঘাটতি আছে... এখন এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই।’ তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে এসে আমরা শুধু ভোটারদের আহ্বান জানাতে পারি, তাঁরা যেন ভোট দিতে যান।’গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও জাল ভোটের ছড়াছড়ি ছিল। ওই ভোটে আবদুল্লাহ আবদুল্লাহকে হারিয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন হামিদ কারজাই।এদিকে নির্বাচনের আগের দিন গতকাল শুক্রবার একজন প্রার্থী এবং আগের রাতে আটজন নির্বাচন কর্মকর্তা ও ১০ জন প্রচারকর্মীকে অপহরণ করা হয়েছে।পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা আবদুল রহমান মুহব্বত জানান, আবদুল রহমান হায়াত নামের এক প্রার্থীকে শুক্রবার সকালে অপহরণ করা হয়েছে।তবে হায়াতকে অপহরণের দায় স্বীকার করেছে তালেবান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদককে মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘হায়াতকে আমরা অপহরণ করেছি।’ এর আগে তিন প্রার্থীকে হত্যা করেছে তালেবান।এ ছাড়া আগের রাতে আটজন নির্বাচন কর্মকর্তা ও ১০ জন প্রচারকর্মীকে অপহরণের দায়ও স্বীকার করেছে তালেবান। বাদঘিসের মুকুর জেলা থেকে তাঁদের অপহরণ করা হয়েছে।লোকজনকে ভোট বয়কটের আহ্বান জানিয়ে নির্বাচন বানচালের হুমকি দিয়েছে তালেবান। গত বৃহস্পতিবার এক তালেবান মুখপাত্র জানান, নির্বাচনের দিন ভোটকেন্দ্র, নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হবে। একই সঙ্গে ভোট দিতে যাওয়া ভোটারদের ওপরও হামলার হুমকি দিয়েছে তালেবান। এএফপি, আল-জাজিরা, টেলিগ্রাফ।