আফগানিস্তানে আটক তালেবান যোদ্ধাকে ফেরত চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আটক একজন তালেবান যোদ্ধাকে পাকিস্তান তাদের কাছে হস্তান্তর করতে বলেছে।গতকাল শুক্রবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বন্দী বিনিময় চুক্তি নেই—এই অজুহাতে পাকিস্তান তাদের হাতে বন্দী আফগান তালেবানকে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিল। তবে আফগানিস্তান এখনো মনে করে, পাকিস্তান আফগান তালেবান বন্দীদের হস্তান্তর করে শান্তি-প্রক্রিয়ায় অবদান রাখবে। আফগানিস্তান সরকার পাকিস্তানের সঙ্গে যেকোনো সময় আলোচনায় রাজি। গত সপ্তাহে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী সীমান্ত পার হওয়ার সময় পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের নেতা মৌলভি ফকির মোহাম্মদকে গ্রেপ্তার করেছে। ওই সংগঠনটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় সক্রিয়।আফগান পররাষ্ট্রমন্ত্রী জালমাই মাসুদ পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারকে ফকির মোহাম্মদের আটকের খবরটি জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোয়াজ্জাম আহমাদ খান গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা আশা করছেন কাবুল শিগগির ফকির মোহাম্মদকে তাঁদের কাছে হস্তান্তর করবে। তবে কাবুল এই আহ্বানের সমালোচনা করে বলেছে, পাকিস্তানের হাতে সম্প্রতি বন্দী একজন আফগান তালেবানকে দেশটি ফেরত দিচ্ছে না। অপরদিকে পাকিস্তান দাবি করছে, দুই দেশের মধ্যে সুসম্পর্কের কারণে পাকিস্তান ২৩ আফগান তালেবান বন্দীকে ছেড়ে দিয়েছে। আফগানিস্তানের দাবি এসব বন্দীকে অনেকে ফের যুদ্ধক্ষেত্রে চলে গেছে। তবে পাকিস্তানের হাতে বন্দী গুরুত্বপূর্ণ নেতা আফগান তালেবান নেতা আবদুল ঘানি বারাদারকে ফেরত চায় আফগানিস্তান। এএফপি।