আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় এমপিসহ ২৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে একজন পার্লামেন্ট সদস্যের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। নিহত লোকজনের মধ্যে ওই পার্লামেন্ট সদস্যও আছেন। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইব্যাকে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হামলাকারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে তালেবান এ হামলার দায়িত্ব অস্বীকার করেছে। প্রাদেশিক গভর্নর খায়রুল্লাহ্ আনোশ জানান, আইনপ্রণেতা আহমাদ খান সামাঙ্গানির মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালে অতিথিদের সামনে ওই আত্মঘাতী হামলাকারী আইনপ্রণেতার সঙ্গে কোলাকুলি করেন। এ সময়ই তিনি তাঁর কোমরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। বিয়ের অনুষ্ঠানে শতাধিক অতিথি উপস্থিত ছিলেন যাঁদের অধিকাংশই সরকারের পদস্থ কর্মকর্তা। বিস্ফোরণে প্রদেশটির গোয়েন্দা প্রধান মোহাম্মদ খান নিহত হয়েছেন। আহত লোকজনের মধ্যে সিনেট ও পার্লামেন্টের সদস্যরা রয়েছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে নারীবিষয়ক আঞ্চলিক প্রধান হানিফা সাফি গাড়িবোমা হামলায় নিহত হওয়ার এক দিন পরই এ ঘটনা ঘটল। তালেবান এ হামলার দায়িত্ব অস্বীকার করেছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ্ মুজাহিদ জানান, ‘এ ঘটনায় আমাদের কোনো হাত নেই।’ তিনি আরও জানান, আহমাদ খান একজন সাবেক মুজাহিদ নেতা। নানা কুকীর্তির সঙ্গেই তিনি নিজে জড়িত ছিলেন। কাজেই তাঁর নানা ধরনের শত্রু থাকতে পারে বলে তালেবান মুখপাত্র মত প্রকাশ করেন। সামাঙ্গান প্রদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আহমাদ খান একসময় মুজাহিদিন দলের নেতা ছিলেন। তিনি ১৯৮০-র দশকে সোভিয়েত বাহিনী ও ১৯৯৬-২০০১ সালে তালেবান শাসন-ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একজন সমর্থক ও আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রভাবশালী যুদ্ধবাজ নেতা জেনারেল আবদুল রশিদ দোস্তামের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। গত বছরই তিনি আইনপ্রণেতা নির্বাচিত হন।