আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার দেশটির কান্দাহার প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে একটি শহরে এই হামলা চালানো হয়। হামলার সময় স্থানীয় নেতাদের এক বৈঠক চলছিল। পুলিশ এই তথ্য জানিয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রদেশের পুলিশ-প্রধান গোরজাং আফ্রিদি এএফপিকে জানান, একজন হামলাকারী প্রথমে স্পিন বোলডাক শহরের কাউন্সিল ভবনের ফটকে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। পরে নিজের শরীরে বহন করা বোমার বিস্ফোরণ ঘটান তিনি। অপর হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে ওই ভবনের বাইরের দেয়ালে বিস্ফোরণ ঘটান। এতে ভবনটি আংশিক বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই স্থানীয় বাসিন্দা। তাঁরা সাপ্তাহিক বৈঠকে যোগ দিয়েছিলেন। প্রতি রোববার ওই ভবনে স্থানীয় শুরা (কাউন্সিল) বৈঠক হতো। এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা প্রায়ই এ ধরনের আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল। দেশটিতে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান চালিয়ে তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে হারানো ক্ষমতা ফিরে পেতে সে দেশে ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে তালেবান। এএফপি।