আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ডেপুটি প্রাদেশিক গভর্নর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে গতকাল মঙ্গলবার একটি আত্মঘাতী বোমা হামলায় গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজিম আলাইয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক ছেলে ও দুই দেহরক্ষী নিহত হন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।গজনি পুলিশের প্রধান দেলাওয়ার জাহিদ জানান, একটি গাড়িতে করে আলাইয়ার তাঁর ছেলে ও দুই দেহরক্ষীকে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গজনি বিমানবন্দরের কাছে একটি মোটরসাইকেলে করে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলায় দুজন পথচারীও নিহত হন। এ ছাড়া আহত হন ১৭ জন। আহত লোকদের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাসাদ সূত্র জানায়, হামলায় আলাইয়ার, তাঁর ছেলে ও চার দেহরক্ষী নিহত হয়েছেন।পুলিশপ্রধান জাহিদ আরও জানান, বিস্ফোরণস্থল পুলিশ ঘিরে রেখেছে। তবে বিস্ফোরণে পুড়ে যাওয়া গাড়ি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এ বছরের শুরুর দিকেও আলাইয়ারের ওপর হামলা হয়েছিল। সে হামলায় তিনি প্রাণে রক্ষা পান। বিবিসি ও রয়টার্স।