আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যুদ্ধবিধ্বস্ত দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও জঙ্গিদের পরাজিত করতে আরও আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন। আফগান ভবিষ্যৎ প্রশ্নে অনুষ্ঠিত সর্বশেষ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই সহায়তা চান।কাবুলে গতকাল বৃহস্পতিবার ২৯টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে দিনব্যাপী ওই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্প্রতি শিকাগোয় এক শীর্ষ সম্মেলনে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে এক লাখ ৩০ হাজার বিদেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনা কার্যকরের ব্যাপারে ন্যাটো দেশগুলো সম্মত হওয়ার কয়েক সপ্তাহ পর সম্মেলনটি অনুষ্ঠিত হলো। যুক্তরাজ্য ও রাশিয়াসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গতকালের সম্মেলনে অংশ নেন।কারজাই বলেন, দারিদ্র্যপীড়িত আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শান্তির জন্য প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক শক্তির সহায়তা বিশেষ গুরুত্বপূর্ণ। এএফপি।