আফগানিস্তানে আশুরায় বোমা হামলায় নিহত ৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে গত মঙ্গলবার পবিত্র আশুরার দিন দুটি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে। মুসলিম শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলার এই বিরল ঘটনার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছেন আফগান কর্মকর্তারা। কর্মকর্তারা অভিযোগ তুলেছেন, জঙ্গিরা এই হামলার মাধ্যমে ইরাক-ধাঁচের সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তালেবান এই হামলার দায়িত্ব অস্বীকার করেছে।বোমা বিস্ফোরণের দুটি ঘটনার মধ্যে একটি ঘটে কাবুলে ও অন্যটি উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে। ১০ বছর ধরে চলা আফগান যুদ্ধের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে জার্মানিতে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার পরদিন এই হামলার ঘটনা ঘটল। এ ঘটনার পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জার্মানিতে তাঁর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। জার্মানি থেকে তাঁর যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। হামিদ কারজাই বলেন, তিন বছরের মধ্যে কাবুলে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনে এমন জঙ্গি হামলার ঘটনা এটাই প্রথম।গতকালের হামলা দুটির মধ্যে কাবুলের ঘটনা সবচেয়ে ভয়াবহ। শিয়াদের ধর্মীয় অনুষ্ঠানে প্রচণ্ড বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত ও ১৩৪ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী আহমাদ ফাওয়াদ বলেন, ‘আমি তখন শিয়া সম্প্রদায়ের লোকজনের শোক পালনের অনুষ্ঠান দেখছিলাম। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আমার চারপাশে অনেকে আহত হয়। তবে আমি আঘাত পাইনি। প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকি। ঘটনাটি ছিল ভয়াবহ।’ মাজার-ই-শরিফে ঐতিহাসিক নীল মসজিদের কাছে একই ধরনের বোমা হামলার ঘটনায় চারজন নিহত হয়।গতকাল একজন আফগান কর্মকর্তা দাবি করেন, কাবুলে বোমা হামলাকারী পাকিস্তানি জঙ্গি। তিনি পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভির সঙ্গে জড়িত। এই জঙ্গি সংগঠনটি পাকিস্তানি শিয়াদের ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এতে হাজার হাজার শিয়া মুসলমান নিহত হন।এদিকে গতকাল বুধবার হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আরও ১৯জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন নারী ও পাঁচটি শিশু রয়েছে। মঙ্গলবারের বোমা হামলায় নিহত ৫৯ জনকে সমাহিত করার পর এ বোমা হামলা চালানো হলো। এএফপি।