আফগানিস্তানে কানাডার সেনা কমান্ডারের পদ থেকে মেনার্ডকে অপসারণ
আফগানিস্তানে মোতায়েন কানাডার সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল মেনার্ডকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। একজন নারী সেনার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।কানাডার সামরিক সূত্র গত শনিবার জানায়, ড্যানিয়েল মেনার্ড আফগানিস্তানে যৌথ টাস্ক ফোর্সের কমান্ডার ছিলেন। তাঁকে অপসারণের পর কর্নেল সিমন হেথেরিংটনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়ার ফলে ড্যানিয়েল মেনার্ড কমান্ডার হিসেবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে।এ ঘটনার এক সপ্তাহ আগে কান্দাহার বিমানঘাঁটিতে ড্যানিয়েল মেনার্ডের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যাওয়ায় তাঁর জরিমানা করা হয়।আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অধীনে কানাডার আড়াই হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। দেশটিতে ২০০২ সালে সামরিক অভিযানে অংশ নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব কানাডীয় সেনাসদস্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রয়টার্স।